ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে দেয়া যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এ কঠোর অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম।
নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে গ্রাহাম জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর তিনি নিশ্চিত—ইরান যদি হরমুজ প্রণালিতে বাধা সৃষ্টি অব্যাহত রাখে এবং কূটনৈতিক সমাধান প্রত্যাখ্যান করে, তাহলে যুক্তরাষ্ট্র চরম সামরিক শক্তি প্রয়োগ করবে।
তিনি বলেন, ট্রাম্প যা বলেন তা বাস্তবায়ন করেন—এ বিষয়টি যদি ইরান এখনো বুঝতে না পারে, তবে সেটি বড় ভুল হবে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। হরমুজ প্রণালি খুলে না দিলে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি।
আরও পড়ুন <<>> হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের নতুন হুমকি
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ তেল পরিবহন হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান এ জলপথে বাধা সৃষ্টি করায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে এবং জ্বালানি সংকট তীব্র হয়েছে।
পেন্টাগনের সূত্র মতে, নির্ধারিত ৪৮ ঘণ্টা পার হওয়ার পরও যদি ইরান অবস্থান পরিবর্তন না করে, তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। পরিস্থিতি দ্রুতই বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































