ছবি: সংগৃহীত
বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বড় পরিসরে তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন আমদানির জন্য তিনটি পৃথক প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
শনিবার (০৪ এপ্রিল) অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ভার্চুয়াল এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন দেয়া হয়েছে।
প্রথম প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে ১০ লাখ মেট্রিক টন এন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন (গ্যাসোলিন-৯৫ আনলেডেড) আমদানি করা হবে। দ্বিতীয় প্রস্তাবে একই পদ্ধতিতে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> ৫ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
তৃতীয় প্রস্তাবে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এজিও) আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































