ফাইল ছবি
রাজধানীর পল্টন থানার মানবপাচার আইনের মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (০৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।
এর আগে, গত ২৪ মার্চ প্রথম দফায় তার পাঁচ দিনের এবং ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দ্বিতীয় দফার রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে ফের চার দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রায়হানুর রহমান।
রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানার মানবপাচার আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন <<>> আমীর হামজার বিরুদ্ধে আদালতের সমন জারি
তার বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মহানগর এলাকায় পাঁচটি মামলা রয়েছে। মোট ১১টি মামলার মধ্যে ফেনীর তিনটি মামলার বিচার কার্যক্রম চলমান। এসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একাধিক অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































