ছবি: আপন দেশ
দেশজুড়ে বায়ুবাহিত রোগ হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। একই সময়ে নতুন করে ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮২৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জনের মৃত্যুর ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। এর মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে। এসময়ে মোট ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫৪ জন।
আরও পড়ুন <<>> ‘৫ বছরের কম বয়সী সব শিশু পাবে হামের টিকা’
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে—২ হাজার ৪৫ জন। এছাড়া রাজশাহী বিভাগে ১ হাজার ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫০০ জন, খুলনা বিভাগে ৪৬৮ জন, বরিশাল বিভাগে ২৮৬ জন, সিলেট বিভাগে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৪২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপন দেশ/এসএস




































