ছবি : সংগৃহীত
ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স। শুক্রবার (০৩ এপ্রিল) রাতে তারা দেশটিতে ঢুকে পড়েন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
এর আগে শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ওই বিমানে দু’জন ক্রু ছিলেন। তাদের একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
এ অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারকে টার্গেট করে গুলি ছোড়ে ইরানের পুলিশ। এতে একটি হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। কিন্তু হেলিকপ্টারটি পরবর্তীতে নিরাপদে অবতরণ করতে সমর্থ হয়।
যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা যখন তাদের ক্রুকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে, তখন ওই ক্রুকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানি মিলিশিয়ারা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় বলা হয়, যদি কেউ মার্কিন বিমানবাহিনীর এ পাইলটকে জীবিত অথবা মৃত অবস্থায় আটক করতে পারে তাহলে তাকে ৬৬ হাজার ডলার পুরস্কার দেয়া হবে।
আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে উত্তেজনা : কোন দেশে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
শুক্রবার এফ-১৫-এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করার দাবি করে ইরানি সেনারা। এটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে আছড়ে পড়েছে বলে দাবি করে তারা।
এ মডেলের বিমান সাধারণত খুব কাছ থেকে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































