Apan Desh | আপন দেশ

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান-মাসুদসহ ১৩ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১০, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:১০, ২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান-মাসুদসহ ১৩ ক্রিকেটার

ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে পুরোপুরি বাদ পড়েছেন ১৩ ক্রিকেটার। এ তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুবসহ আরও ১০ জন।

অন্যদিকে নতুন কাঠামোয় টেস্ট ও ওয়ানডে, দুই সংস্করণের চুক্তি পেয়েছেন শুধু বাবর আজম ও সালমান আলী আগা।

শনিবার (২১ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে পিসিবি।

জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসন ও হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ নতুন চুক্তির বিস্তারিত তুলে ধরেন। এবার মোট ৩৮ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হয়েছে। আগের মৌসুমে এই সংখ্যা ছিল ৩০। নতুন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন।

এবারের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত রিজওয়ানকে বাদ দেয়া। ২০২৪-২৫ মৌসুমে বাবরের সঙ্গে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন এ উইকেটরক্ষক ব্যাটার। গত মৌসুমে দুজনকেই নামিয়ে দেওয়া হয় ‘বি’ ক্যাটাগরিতে। তবে নতুন চুক্তিতে বাবর জায়গা ধরে রাখলেও রিজওয়ানের নাম নেই কোনো বিভাগেই।

শুধু রিজওয়ান নন, কেন্দ্রীয় চুক্তি হারিয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক শান মাসুদও। গত মৌসুমে ‘বি’ ক্যাটাগরিতে থাকা তরুণ ওপেনার সাইম আইয়ুব এবং অভিজ্ঞ পেসার হাসান আলীরও জায়গা হয়নি নতুন তালিকায়।

বাদ পড়া অন্য ক্রিকেটাররা হলেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসেইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সব মিলিয়ে আগের মৌসুমের চুক্তিতে থাকা ১৩ ক্রিকেটার এবার জায়গা হারিয়েছেন।

তবে এবারের চুক্তিতে শুধু ক্রিকেটারদের অন্তর্ভুক্তি বা বাদ পড়ার বিষয়েই পরিবর্তন আসেনি। পুরো কাঠামোই বদলে দিয়েছে পিসিবি। আগের ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রেডিংয়ের পরিবর্তে চালু করা হয়েছে সংস্করণভিত্তিক পাঁচটি বিভাগ।

আরও পড়ুন <<>> টিভিতে আজকের খেলা

নতুন ব্যবস্থায় টেস্ট ও ওয়ানডে, শুধু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, শুধু টি-টোয়েন্টি এবং উদীয়মান ক্রিকেটারদের জন্য আলাদা চুক্তির ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ক্রিকেটারই এবার তিন সংস্করণের চুক্তি পাননি।

টেস্ট ও ওয়ানডে, দুই সংস্করণের চুক্তি পেয়েছেন শুধু বাবর আজম ও সালমান আলী আগা। সম্প্রতি টেস্ট অধিনায়কত্বে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছেন বাবর। দুই বছরের বেশি সময় পর পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয় ছিল সেটি।

অন্যদিকে কয়েক মাস আগেও পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন সালমান। তবে নতুন চুক্তিতে সে সংস্করণে জায়গা পাননি তিনি। বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাহিবজাদা ফারহান।

শুধু টেস্ট ক্রিকেটের চুক্তি পেয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টির যৌথ চুক্তিতে রয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

শুধু টি-টোয়েন্টির চুক্তি পেয়েছেন সাত ক্রিকেটার। তারা হলেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

সব মিলিয়ে ১৯ ক্রিকেটারকে রাখা হয়েছে মূল চারটি সংস্করণভিত্তিক বিভাগে। বাকি ১৯ জন জায়গা পেয়েছেন নতুন ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে। তাদের মধ্যে রয়েছেন সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা রাজাউল্লাহ, তৈয়ব আরিফ, মোহাম্মদ তাহা, গাজি ঘোরি ও সাকিব খান।

এছাড়া উদীয়মানদের তালিকায় রয়েছেন সাদ বেগ, আলী রেজা, হুনাইন শাহ, উবায়েদ শাহ, সামির মিনহাস ও সুফিয়ান মুকিমের মতো ক্রিকেটাররা। নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়ে তোলাই এ ব্যবস্থার অন্যতম লক্ষ্য।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়