ছবি: আপন দেশ
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও টেকনোলজিস্টরা। দাবি না মানলে আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে কর্মবিরতি এবং পরবর্তী সময়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) ফটকের সামনে এ মানববন্ধন হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন<<>>আ.লীগ নিষিদ্ধে প্রয়োজনে সংবিধানও সংশোধন হবে: প্রতিমন্ত্রী
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি, হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে জানিয়েও কোনো সমাধান মেলেনি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্তানদের পড়াশোনার খরচের সঙ্গে তাদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তারা।
আন্দোলনকারীরা জানান, দাবি বিবেচনার জন্য কর্তৃপক্ষকে এক দিন সময় দেয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
তবে কর্মসূচির কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বক্তারা জানান, দ্রুত সমাধান হলে তারা সম্মানের সঙ্গে কর্মস্থলে ফিরে যাবেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































