Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৬, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫৭, ২১ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

ছবি : সংগৃহীত

টানা পতনের ধারাবাহিকতায় এবার আরও এক বড় এক ধাক্কা এসে লেগেছে স্বর্ণের বাজারে। এক ধাক্কায় ৪ দশমিক ৩৩ শতাংশ কমে বিশ্ববাজারে মূল্যবান হলুদ ধাতুটির প্রতি আউন্সের দাম নেমে এসেছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। সবশেষ প্রায় ১৪ মাস আগে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে এ দাম ছিল স্বর্ণের।

শনিবার (২১ নভেম্বর) গোল্ডপ্রাইস ডট অরগ নামে এক ওয়েবসাইট থেকে জানা গেছে এ তথ্য।

মূলত, গত কয়েক বছর ধরেই স্বর্ণের বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছিল। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে উঠে গিয়েছিল ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে। তবে সেই আকাশচুম্বী অবস্থান থেকে রীতিমতো ধসের মুখে পড়েছে মূল্যবান এ ধাতুটির বাজার।

স্বর্ণের এমন দরপতনের কারণ উল্লেখ করতে গিয়ে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি—এসব কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ঝুঁকি কমাতে স্বর্ণের গুরুত্ব এখনো রয়েছে বলে মনে করছেন অনেকে।

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

তাদের মতে, আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যাচ্ছে।

ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশা স্বর্ণ ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। ফলে এসব ধাতুর দাম কমছে।

লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজারবিষয়ক গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার বলেন- স্বর্ণ কখনো পণ্যের মতো, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বাজারের পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে স্বর্ণের এ ভূমিকা পরিবর্তিত হয়। বর্তমানে মুদ্রার মতো আচরণ করার প্রবণতাই স্বর্ণের দাম কমার পেছনে ভূমিকা রাখছে।

কুপার বলেন, দুর্বল ডলার, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ— এ তিনটি বিষয় ২০২৬ সালে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর ভিত্তি তৈরি করেছিল। যেসব বিনিয়োগকারীর বিনিয়োগের তালিকায় স্বর্ণের পরিমাণ কম ছিল, তারাও নতুন করে স্বর্ণ কিনতে শুরু করেছিলেন।

যুক্তরাষ্ট্রের উইনস্টন-সালেমের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলসের ভাষ্য অনুযায়ী, কম সুদের হার, সামনে সুদের হার আরও কমার সম্ভাবনা এবং ডলারের নাজুক অবস্থান—সব মিলিয়ে তখন সোনার অনুকূলে পরিস্থিতি তৈরি হয়েছিল।

তার মতে, স্বর্ণসহ অন্যান্য পণ্যের বিনিয়োগকারীদের জন্য ওই সময়টি ছিল বেশ অনুকূল। সুদের হার কম হওয়ায় বিনিয়োগকারীরা তুলনামূলক ভালো আয় করতে পেরেছিলেন। 

অন্যদিকে সে সময় হাতে নগদ টাকা রাখলে উল্লেখযোগ্য কোনো রিটার্ন আসত না। ফলে নিজেদের টাকার ক্রয়ক্ষমতা অটুট রাখতে অনেকেই বিকল্প বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেছিলেন।

এদিকে আন্তর্জাতিক বাজারের এই দরপতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। চলতি মাসে শুক্রবার পর্যন্ত মোট আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে কেবল শুক্রবারই কমেছে প্রায় ১১ হাজার টাকা। এতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা বিগত ১৩ মাসের মধ্যে সবচেয়ে কম।

দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে গয়না কেনার আগ্রহ বাড়লেও চড়া দামে স্বর্ণ কিনে রাখা ক্রেতা ও বিনিয়োগকারীরা পড়েছেন বড় লোকসানের মুখে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়