ছবি: আপন দেশ
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ চলছে।
এর আগে, দুদিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন <<>> সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস বন্ধুকযুদ্ধ
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































