Apan Desh | আপন দেশ

পূজারির বেশে মন্দিরে চুরি করতে গিয়ে ২ নারী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৪, ২১ নভেম্বর ২০২৬

পূজারির বেশে মন্দিরে চুরি করতে গিয়ে ২ নারী গ্রেফতার

ছবি: আপন দেশ

চট্টগ্রাম নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট উৎসব হচ্ছে। এসময় মন্দিরে ভক্ত সেজে ভিড়ের মধ্যে স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পূজারির বেশে তারা চুরির উদ্দেশে মন্দিরে প্রবেশ করেছিলেন। তাদের একজন ধর্মীয় পরিচয় আড়াল করতে হাতে শাখা ও কপালে সিঁদুর পরেন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে।

পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুজনকে গ্রেফতার করা হয় বলে জানালেন চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন।

গ্রেফতার দুজন হলেন আনোয়ারা বেগম (২৫) ও আছিয়া বেগম (২২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।

পুলিশ জানায়, মন্দিরটিতে অন্নকূট উৎসবে কয়েক হাজারের বেশি নারী, পুরুষ ও শিশুর সমাগম হলে প্রবেশপথে ব্যাপক ভিড় তৈরি হয়। দুপুর ১টার দিকে প্রবেশপথের ভিড় ঠেলে মন্দিরে ঢুকছিলেন রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারী। মন্দিরে ঢোকার পর তারা বুঝতে পারেন, তাদের গলা থেকে স্বর্ণের দুটি চেইন চুরি হয়ে গেছে। একটি ছয় আনা এবং অন্যটি সাড়ে ছয় আনা ওজনের।

চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন বললেন, চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর বিকেলে মন্দির কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করি। আনোয়ারা ও আছিয়ার গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। তখনো অবশ্য দুজন মন্দির থেকে বের হননি। বিপুলসংখ্যক ভক্তের ভিড়ের মধ্য থেকে তাদের শনাক্ত করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে তাদের কাছে স্বর্ণের চেইন দুটি পাওয়া যায়।

আরও পড়ুন <<>> মাঝসাগরে বন্দিদশা থেকে বিদ্রোহ করে উপকূলে ফিরলেন ২৮ জিম্মি

চুরির কৌশল সম্পর্কে ওসি ইখতিয়ার উদ্দিন আরও বললেন, চুরির সঙ্গে জড়িত দুজনই ভিন্ন ধর্মাবলম্বী। তবে আনোয়ারা শাড়ি পরে হাতে শাঁখা ও কপালে সিঁদুর দিয়ে মন্দিরে প্রবেশ করেন। আছিয়া থ্রিপিস পরা থাকলেও আনোয়ারার সঙ্গে যাওয়ায় তাকে আলাদা করা যাচ্ছিল না। পূজারির বেশে মন্দিরে প্রবেশ করেন তারা। বেশভূষায় তাদের সন্দেহ করার মতো কিছু ছিল না।

আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়া বেগমের বিরুদ্ধে গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানালেন ওসি। এ ঘটনায় ভুক্তভোগী রাসনা দাশ তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়