Apan Desh | আপন দেশ

কিংবদন্তিদের লোকগান নিয়ে ধ্রুব মিউজিকের নতুন উদ্যোগ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১২, ২১ নভেম্বর ২০২৬

কিংবদন্তিদের লোকগান নিয়ে ধ্রুব মিউজিকের নতুন উদ্যোগ

ছবি: আপন দেশ

বাংলার লোকসংগীত নিয়ে নতুন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। যার মাধ্যমে লোকসংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে।

কালজয়ী লোকগানকে সমকালীন সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপনের এ আয়োজনে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের ছয় সংগীতশিল্পী।

আয়োজনটিতে স্থান পেয়েছে বাংলার লোকসংগীতের ভান্ডার সমৃদ্ধ করা কিংবদন্তি সাধক ও গীতিকারদের গান। শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন।

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন। সংগীতায়োজনের পাশাপাশি পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগীত পরিচালক তরিক আল ইসলাম। আর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

আরও পড়ুন <<>> বুবলীর জন্মদিনে নতুন সুখবর

আয়োজন প্রসঙ্গে তরিক আল ইসলাম বলেন, বাংলার লোকসংগীত আমাদের শেকড়, আমাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এ গানগুলোর প্রতিটি পঙ্‌ক্তি ও সুরের ভেতর লুকিয়ে আছে আমাদের জীবন, দর্শন, প্রেম, বিরহ ও হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার। আমাদের এ আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন সমৃদ্ধ লোকসংগীতের চর্চা অব্যাহত থাকবে, অন্যদিকে নতুন প্রজন্মের শ্রোতারাও পরিচিত হওয়ার সুযোগ পাবে বাংলার সংগীতঐতিহ্যের অনন্য সব সৃষ্টির সঙ্গে।

ধ্রুব মিউজিক স্টেশনের প্রযোজনায় গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে গানগুলো।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়