ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মাঝসাগরে জিম্মি করে রাখা ২৮ জন যাত্রী ট্রলারসহ কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ফিরে এসেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি উপকূলে ভিড়লে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও কোস্টগার্ড তাদের উদ্ধার করে।
কয়েক দিন আগে মালয়েশিয়ায় পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র যাত্রীদের ট্রলারে তুলে গভীর সাগরে নিয়ে যায়।
সেখানে তাদের জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণের জন্য নির্যাতন চালানো হচ্ছিল এবং টাকা দিতে না পারায় কয়েকজনকে মারধর ও সাগরে ফেলে দেয়ার অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।
টানা কয়েক দিন সাগরে ভাসমান অবস্থায় নির্যাতনের একপর্যায়ে যাত্রীরা একজোট হয়ে দালালদের ওপর চড়াও হন। মারামারির পর তারা কৌশলে ট্রলারটির নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের লাবণী পয়েন্ট উপকূলে নিয়ে আসেন।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মীরা জানায়, কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে শুক্রবার রাত ১০টার দিকে মালয়েশিয়াগামী একটি ট্রলার আটকে যায়। ট্রলার থেকে নেমে কয়েকজন পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ।
পরে জেলা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষ।
ভুক্তভোগীদের কয়েকজনের দাবি, ট্রলারে থাকা সাতজনকে সাগরে ফেলে দেয়া হয়।
এ নিয়ে একপর্যায়ে ট্রলারে থাকা ব্যক্তিদের সঙ্গে দালালচক্রের সদস্যদের সংঘর্ষ বাধে। পরে কয়েকজন ভুক্তভোগী প্রতিরোধ গড়ে তুললে দালালচক্রের সদস্যরা পালিয়ে যায়। তাদের মধ্যে দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান বলে দাবি করেছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।
উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে মানবপাচার ও অপহরণের এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানা গেছে। তাদের কয়েকজনের স্বজনও থানায় এসে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন।
বাড়িতে আটকে রেখে পরে নেয়া হয় সাগরে : উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে তাদের একটি ঘরে নিয়ে আটকে রাখা হয়। পরে বুঝতে পারেন, তাদের মানবপাচারকারী চক্রের কাছে তুলে দেয়া হয়েছে।
রিদুয়ান বলেন, তাদের মুঠোফোন কেড়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন তাদের পাহারা দিত। আট থেকে নয় দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তোলা হয়। পরে তাদের গভীর সমুদ্রে একটি বড় ট্রলারে নেওয়া হয়।
রিদুয়ানের ভাষ্য, ট্রলারে প্রথমে চার দিন এবং পরে আরেকটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেয়া হতো। একপর্যায়ে তাদের কাছে জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তিনি বলেন, মুক্তিপণের বিষয় নিয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাদের একজনকে মারধর করা হয়। এরপর ট্রলারে থাকা ব্যক্তিদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা কয়েকজন নৌকা চালিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।
কাজের প্রলোভনেও অপহরণ : চকরিয়ার এক রাজমিস্ত্রি জানান, কাজের কথা বলে পরিচিত এক ব্যক্তির সঙ্গে টেকনাফে গিয়ে তিনি অপহরণের শিকার হন।
তার ভাষ্য, জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার জন্য একটি বাসায় নেয়া হয় তাদের। সেখানে যাওয়ার পর হঠাৎ দরজা বন্ধ করে দেয়া হয়। চাকু দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি মুঠোফোন কেড়ে নেয়া হয়।
পরে সুপারি বাগানের ভেতরের একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাদের। ঠিকমতো খাবার দেয়া হতো না। কারও সঙ্গে কথা বলার বা যোগাযোগের সুযোগও ছিল না।
মুক্তার হোসেন নামের আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পান। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দী অবস্থায় দেখতে পান তিনি।
আরও পড়ুন <> দেশের বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
সাতজনকে সাগরে ফেলে দেয়ার অভিযোগ : উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, তাদের ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।
জাহাঙ্গীর বলেন, শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে সবাই নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের আটকে বসিয়ে রাখেন।
টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছের দাবি, দালালচক্রের সদস্যদের অতিরিক্ত মারধরের প্রতিবাদ করলে ট্রলারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায়। দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান।
স্বজনদেরও মুক্তিপণের জন্য ফোন : উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন তাদের স্বজনেরা। তাদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম।
তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে তাকে ফোন করে ছেলের কবর পেয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। ছেলে কান্নাজড়িত কণ্ঠে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।
সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেয়ার হুমকিও দেয়া হয়।
আরেক অভিভাবক আবু তাহের জানান, তার ছেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগী ও তাদের স্বজনেরা অভিযোগ করেন, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এদিকে উদ্ধার হওয়া ২৮ জনকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































