Apan Desh | আপন দেশ

গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৮, ৭ অক্টোবর ২০২৬

গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

ছবি : সংগৃহীত

গেল কয়েক দিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার (০৭ অক্টোবর) সকালে মনুমেন্টাল স্টেডিয়ামে যার সমাপ্তি ঘটল। মঞ্চ প্রস্তুত ছিল আগেই। অপেক্ষা ছিল কেবল প্রিয় সমর্থকদের সামনে থেকে বিদায় নেয়ার। শেষের মঞ্চেও দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন মহাতারকা। গোল করলেন, করালেনও। 

গ্যালারিতে হাজারো মানুষের কণ্ঠে শুধু উচ্চারিত হয়েছে লিওনেল মেসি নামটাই! ম্যাচের ৯০ মিনিট জুড়ে গ্যালারিতে কেউ কাঁদছেন, কেউ স্মৃতি ধরে রাখতে ফোনের ক্যামেরা তাক করে আছেন। কারণ, আর্জেন্টিনার জার্সিতে এটাই যে মেসির শেষ রাত।

বেনিনের বিপক্ষে ম্যাচটি এদিন শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়েই। কিন্তু মেসিকে শেষবার দেখার অপেক্ষায় যেন সময়ও একটু থমকে গেল। ৩১ মিনিট দেরিতে শুরু হলো এই ম্যাচ। আর খেলা শুরুর পর থেকেই বোঝা যাচ্ছিল, এটি শুধুই আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়।

দশম মিনিটে থেমে গেল খেলা। মেসির জার্সির নম্বর ১০। এক মিনিটের জন্য পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে সম্মান জানাল। গ্যালারি থেকে ভেসে এল সে পরিচিত সুর-‘ওলে, ওলে, ওলে, ওলে—মেসি, মেসি।’ ৩৯ বছর বয়সী মেসিও হাত নেড়ে অভিবাদন জানালেন। চোখে তখন আবেগ।

মাঠে অবশ্য মেসি ছিলেন সে চেনা মেসিই। যদিও প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে পারেননি। কখনো ক্রস থেকে পাওয়া বল সামান্য বাইরে চলে গেছে, কখনো তার ফ্রি-কিক ঠেকিয়ে দিয়েছেন বেনিনের গোলরক্ষক।

নিজের শেষ দিনে ম্যাচের গল্পে মেসি বারবার ফিরে এসেছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে তার কর্নার থেকেই নিকোলাস ওতামেন্দি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। জাতীয় দলের হয়ে সেটিই ছিল মেসির ৬৮তম অ্যাসিস্ট।

আরও পড়ুন<<>>বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

এরপর ৬১ মিনিটে নিকো পাজকে দিয়ে গোল করালেন মেসি। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের সামনে সতীর্থকে দেয়া তার পাস থেকেই আসে দ্বিতীয় গোল। তবে তখনও এক বিশেষ অপেক্ষায় পুরো পৃথিবী।

শেষ পর্যন্ত অপেক্ষাটাও ফুরাল। ৬৯ মিনিটে পেনাল্টি পেল আর্জেন্টিনা। বল হাতে নিলেন মেসি। গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে বল পাঠালেন জালে।

৭৩ মিনিটে ম্যাচের সবচেয়ে জোরালো করতালি এল মেসির দৌড়ে। বয়স, ক্লান্তি-কিছুই যেন তখন গুরুত্বপূর্ণ নয়। বল সীমানার বাইরে চলে যাওয়ার আগে সেটি বাঁচাতে পুরো গতিতে ছুটলেন তিনি। প্রতিদ্বন্দ্বিতার সে তাড়নাই হয়তো মেসির সবচেয়ে পরিচিত ছবি।

বেনিনকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মেসি দুটি অ্যাসিস্টের পাশাপাশি নিজেও একটি গোল করে নিজের ছাপ রেখে গেলেন শেষ ম্যাচে।

কে জানে, হয়তো আবারও অবসর ভাঙতে মেসিকে রাজি করানো যাবে? ২০২৮ অলিম্পিকে বয়সের বাধা পেরিয়ে দলে ফিরবেন? নাকি আরও একটি কোপা আমেরিকা খেলবেন? -এসব প্রশ্নের আপাতত উত্তর মেসি অধ্যায় এখন আর্জেন্টিনার জন্য শুধুই অতীত!

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়