ছবি: আপন দেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা নামাজ হয়।
জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অপ্রতিমের স্বজন ও স্থানীয়রা অংশ নেন। এ সময় পুরো মাঠে শোকের আবহ তৈরি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
জানাজায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, অপ্রতিমের রুহের মাগফেরাত কামনা করি। অপ্রতিম হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।
তিনি আরও বলেন, আমরা বিচার চাই, সন্তানকে তো আর পাব না। বিচার হবে। সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন—ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা কোথায়?
জানাজায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, আমার একটাই ছেলে। আমার ছেলে কুমিল্লার মানুষের ভালোবাসায় বড় হয়েছে। ওর বাবা হিসেবে আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ও যদি কোনো আচরণে আপনাদের কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন।
আরও পড়ুন<<>>আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
জানাজা শেষে অপ্রতিমের মরদেহ কুমিল্লার গন্ধমতী ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বেলা ১১টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নিখোঁজ হয়। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। নিখোঁজের ঘটনায় তার পরিবার ও বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগ তৈরি হয়।
অপ্রতিমের নিখোঁজের পর তাকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়। পরে তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অপ্রতিমের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































