Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৩, ৮ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা

ছবি : সংগৃহীত

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। তার আগে নিজেদের পরখ করতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন শান্ত-মিরাজরা। কিন্তু মোটেও সেটা সুখকর হলো না। 

প্রথম ইনিংসে ব্যাটিংটাও তেমন ভালো না হলেও মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি পেয়েছিলেন। বাকি ব্যাটসম্যানদের কেউ হাফ সেঞ্চুরিও পাননি। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে রীতিমতো ধস—মাত্র ৫৪ রানেই অলআউট!

ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রান করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৯২ রানের লিড পায় তারা। কিন্তু এ রানও দ্বিতীয় ইনিংসে করতে পারেনি বাংলাদেশ।

৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাঁহাতি পেসার থমসনের কোনো জবাবই দিতে পারেননি মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। নতুন বলে টানা ১১ ওভারের স্পেলে ২৫ রানে ৮ উইকেট নিয়েছেন থমসন।

আগের দিন শেষ বিকেলে ১৯ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ দিন সকালে সেখান থেকে আর মুক্তি মেলেনি। মাত্র ১৭ ওভারে ৩৫ রানে বাকি ৮ উইকেট হারিয়ে বিব্রতকর এক পরাজয়েই শেষ হয় তাদের লড়াই।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

ব্যাটারদের কেউ ক্রিজে টিকতে পারেননি। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম দুই দিন মিলিয়ে এক ঘণ্টার কিছু বেশি সময় ব্যাটিং করে ২ চার ও ১ ছক্কায় খেলেন ৪১ বলে ২২ রানের ইনিংস। তামিম ছাড়া আর কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি।

প্রথম ইনিংসে চার নম্বরে নেমে ৩৭ রান করা শান্ত এবার নামেন সাতে। তবে ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। প্রথম ইনিংসে সাতে নেমে (১৬) ব্যর্থ হওয়া সৌম্য সরকার এবার চারে সুযোগ পেয়ে ৫ রানের বেশি নিতে পারেননি।

খালি হাতে প্রথম ইনিংসে ফেরার পর দ্বিতীয়বার ২ রানের বেশি করতে পারেননি মুশফিক। দুই ইনিংসে মুমিনুলের সংগ্রহ ১৬ ও ৬ রান। প্রথমবার অপরাজিত সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ১৯ বলে ৬ রান করে ফেরেন মিরাজ। এমন হারের পর এখন সিরিজ শুরুর অপেক্ষা। 

১৩ আগস্ট ডারউইনে মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়