Apan Desh | আপন দেশ

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চার দল। এ আসরে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলার নারীরা। এছাড়া একই গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস। ফলে শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে টাইগ্রেসরা।

গত জানুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সব ম্যাচ জিতে মূল পর্বে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। তবে এবারের বিশ্বকাপে পরিসংখ্যান ও শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডস ছাড়া বাকি প্রতিটি দলই বাংলাদেশের তুলনায় এগিয়ে।

সূচি অনুযায়ী, বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৪ জুন। ইংল্যান্ডের এজবাস্টন মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি। এরপর ১৭ জুন হেডিংলি স্টেডিয়ামে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জুন হ্যাম্পশায়ার বোল মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

গ্রুপপর্বের চতুর্থ ম্যাচ ২৫ জুন অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ড–এ, যেখানে ভারতের বিপক্ষে মাঠে নামবেন অধিনায়ক নিগার সুলতানার দল। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড–এ।

আরও পড়ুন <<>> উইন্ডিজের বিশাল জয়ে সেমিফাইনাল নিয়ে শঙ্কায় ভারত

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোট ১২টি দল অংশ নেবে এবারের আসরে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সুযোগ পেয়েছে আট দল। আর বাছাইপর্ব পেরিয়ে এসেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

উদ্বোধনী ম্যাচে ১২ জুন এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ১২-২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব। এরপর ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভাল–এ অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ৫ জুলাই লর্ডসে গড়াবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত এ আসরে বাংলাদেশের লক্ষ্য থাকবে কঠিন গ্রুপ পেরিয়ে শেষ চারে জায়গা করে নেয়া।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়