Apan Desh | আপন দেশ

স্বাস্থ্য খাতের বাজেট বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৮, ১৪ এপ্রিল ২০২৬

স্বাস্থ্য খাতের বাজেট বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: আপন দেশ

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে আগামী অর্থবছরে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড কর্মসূচি চালু করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত লোকজ মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন বছরে দেশকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেয়া হচ্ছে, পাশাপাশি কৃষিঋণ মওকুফ, দুস্থদের সহায়তা, টিআর-কাবিখা কার্যক্রম এবং খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

হাম রোগ নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে ইতোমধ্যে হামের টিকাদান কার্যক্রম চলছে।

আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের জন্য হাম প্রতিরোধী টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহারও কমেছে। আশা করা হচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। 

আরও পড়ুন<<>>শিগগিরই শুরু হচ্ছে মাদক নির্মূল অভিযান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ।  

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। মেলায় গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন উপাদান প্রদর্শনের পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়