ছবি: সংগৃহীত
আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)
জানা গেছে, ট্রলারটি টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। পথে আন্দামান সাগরে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, এ মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের করুণ প্রতিফলন। রাখাইন রাজ্যে চলমান সহিংসতা তাদের নিরাপদ প্রত্যাবাসনের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। একই সঙ্গে মানবিক সহায়তা কমে যাওয়া এবং শরণার্থী শিবিরে সীমিত সুযোগ-সুবিধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আরও পড়ুন <<>> আটলান্টায় বসছে উত্তর আমেরিকা বিএনপির সর্ববৃহৎ মিলনমেলা
ফলে অনেকেই নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিচ্ছেন। পাচারকারীদের মিথ্যা প্রতিশ্রুতিও তাদের এমন বিপজ্জনক যাত্রায় প্রলুব্ধ করছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহবান জানিয়ে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। অন্যথায় এ ধরনের প্রাণঘাতী সমুদ্রযাত্রায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































