Apan Desh | আপন দেশ

আ.লীগের মেয়রের সঙ্গে সাক্ষাৎ, তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:৫১, ১৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:০৯, ১৫ এপ্রিল ২০২৬

আ.লীগের মেয়রের সঙ্গে সাক্ষাৎ, তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

ছবি : আপন দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) নগরের কাট্টলি এলাকায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে সাক্ষাৎ করতে গেলে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেয়া কয়েকজন তাকে ঘিরে ধরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাক্ষাৎ শেষে বাসা থেকে বের হওয়ার পর একদল ব্যক্তি তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন। তারা জানতে চান, আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে অভিযুক্ত একজনের বাসায় কেন গেছেন তিনি। এসময় কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও হাসনাত আবদুল্লাহ হাত নাড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে প্রশ্ন করছেন এবং স্লোগান দিচ্ছেন। পরে একপর্যায়ে অন্য একজন এসে বিক্ষুব্ধদের সরে যেতে বলেন। পুলিশের উপস্থিতিতে হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলম বলেন, একজন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ের এমপি কেন সাবেক মেয়রের বাসায় গেছেন, তা পরিষ্কার নয়। অন্যদিকে এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত সফরে চট্টগ্রামে গিয়ে আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এর বেশি কিছু নয়।

আরও পড়ুন <<>> বর্ণিল আয়োজনে পঞ্চগড়ে বাংলা নববর্ষ উদযাপন

সাবেক মেয়র মনজুর আলমও বলেন, এটি ছিল কেবল সৌজন্য সাক্ষাৎ, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তবে রাতে এনসিপির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন মনজুর আলম। পরে তিনি বিএনপির রাজনীতি থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও সফল হননি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়