Apan Desh | আপন দেশ

বাংলাদেশি স্পিনারদের নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৫, ১৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশি স্পিনারদের নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

ফাইল ছবি

টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। সোমবার (১৩ এপ্রিল) দুই দফায় ঢাকায় আসার কথা কিউইদের। তবে এবার নিয়মিত অনেক খেলোয়াড়কে বাদ দিয়ে দ্বিতীয় সারির দল নিয়ে আসছে ব্ল্যাক ক্যাপসরা। 

ইতিপূর্বে বাংলাদেশি স্পিনারদের মোকাবিলা করতে ব্যর্থ হলেও এবার সেটি নিয়ে ভাবছেন না নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। দেশ ছাড়ার আগে তিনি বলেছেন, নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে উপমহাদেশের পরিবেশের পার্থক্য অনেক। তাই প্রস্তুতির পাশাপাশি পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়াটাই হবে তাদের মূল লক্ষ্য। 

স্পিন সহায়ক কন্ডিশন চ্যালেঞ্জিং মনে করলেও সেটা ভালোভাবে সামলানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ল্যাথাম, আমরা জানি এখানে স্পিন বড় ভূমিকা রাখবে এবং কন্ডিশন নিউজিল্যান্ডের চেয়ে ভিন্ন হবে। বিদেশের মাটিতে খেলতে গেলে ম্যাচের আগে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে এবং আমরা সেটা ভালোভাবে করতে পারবো বলে আশা করছি।

ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততার কারণে অন্তত ১০ জন নিয়মিত খেলোয়াড় মূল দলে থাকছেন না। খর্ব শক্তির দল নিয়ে তারা দুই ধাপে বাংলাদেশে আসবে। ছোট অংশটি আসার কথা বিকেলে, বাকি সদস্যদের পৌঁছানোর কথা রাত ১১টায়। 

আরও পড়ুন<<>>বরখাস্ত হয়েও আক্ষেপ নেই আলফাজের

একদিন বিশ্রামের পর বুধবার (১৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে ইনডোর অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি শুরু করবে কিউই দল। অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি সত্ত্বেও স্কোয়াডের গভীরতা নিয়ে আশাবাদী ল্যাথাম। বরং তিনি মনে করছেন, এটা কম অভিজ্ঞদের প্রমাণ করার বড় সুযোগ, আইপিএল ও পিএসএলে অনেক খেলোয়াড় ব্যস্ত থাকায় এ সফর তরুণ বা কম অভিজ্ঞদের জন্য সুযোগ তৈরি করেছে। তবে দলে থাকা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। সেটা হোক টি-টোয়েন্টি বা ওয়ানডে ফরম্যাটে। এই অভিজ্ঞতা আমাদের জন্য ইতিবাচক হবে।

তিনি বিশ্বাস করেন, এ সফর থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে দলের গভীরতা বাড়াতে সহায়ক হবে।

সূচি অনুযায়ী ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

অন্যদিকে, ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়