Apan Desh | আপন দেশ

পাকিস্তান-ভারত হাইভোল্টেজ লড়াইয়ের লড়াইয়ের আভাস

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান-ভারত হাইভোল্টেজ লড়াইয়ের লড়াইয়ের আভাস

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি ইতোমধ্যেই দর্শকে পরিপূর্ণ হওয়ার প্রত্যাশা তৈরি করেছে।

দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ফলে এ ম্যাচের জয়ী দল সুপার এইটে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলের সমীকরণও ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

ম্যাচ ঘিরে উত্তেজনার মধ্যেই আবহাওয়া বড় উদ্বেগ হয়ে দেখা দিয়েছে। কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে আয়োজকরা মাঠ প্রস্তুত রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

মাঠের লড়াইয়ের বাইরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কও আলোচনায়। শুরুতে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের প্রতীক্ষিত ম্যাচটি মাঠে গড়াচ্ছে।

গত এশিয়া কাপে অধিনায়কদের করমর্দন না করার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারও সে প্রশ্ন সামনে এসেছে। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন সংযত ভাষায়। তিনি বলেন, ম্যাচটি খেলাধুলার চেতনায় হওয়া উচিত ও করমর্দনের সিদ্ধান্ত প্রতিপক্ষের উপর নির্ভর করছে।

ভারতীয় ব্যাটিং লাইনআপের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের স্পিনার উসমান তারিককে। তার বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা থাকলেও তিনি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন, আইসিসি তার বোলিং বৈধ ঘোষণা করেছে, তিনি দলের অন্যতম সেরা অস্ত্র।

কলম্বোর উইকেট সাধারণত স্পিন সহায়ক। তবুও পাকিস্তান পেস আক্রমণকে গুরুত্ব দিচ্ছে। অধিনায়কের মতে, শাহিন শাহ আফ্রিদির মতো বোলার যেকোনো উইকেটে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। প্রয়োজনে পেস ও স্পিনের সমন্বয়েই কৌশল সাজানো হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়