ছবি: আপন দেশ
নির্বাচনের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে দলটির স্থানীয় কার্যালয়টি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তার আগেই কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া–এর ছবি, চেয়ার-টেবিল ও টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ-ভালোবাসা দিবস উদযাপিত
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় মেনে নিতে না পেরেই দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। একই ধরনের অভিযোগ তুলে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, তদন্তের নামে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































