শেখ মোরসালিন ও ঋতুপর্ণা চাকমা
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের ভোটাদিকার প্রয়োগ করছেন। প্রথমবার ভোট দিয়েছেন জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন। তবে ভোট দিতে পারেননি ঋতুপর্ণা চাকমা।
ফরিদপুর-৪ আসনের ভোটার মোরসালিন। তার ভোট কেন্দ্র ছিল আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। সেখানে প্রথমবার নিজের ভোটাধিকার করেছেন জাতীয় দলের এ তারকা। তিনি ‘বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। তেমন সময় লাগেনি ভোট দিতে।
যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামও ফরিদপুরের ভোটার। তিনিও প্রথমবারের মতো ভোট দিয়েছেন। তার অবশ্য আসন ফরিদপুর-৩। এশিয়ান গেমসের বাছাইয়ের জন্য জাতীয় হকি দলের প্রস্তুতি শুরু হয়েছে। খেলোয়াড়, কোচরা যেন ভোট দিতে পারেন এজন্য ক্যাম্প ছুটি দিয়েছে ফেডারেশন।
আরও পড়ুন<<>>ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
হকি খেলোয়াড়রা ভোট দেয়ার সুযোগ পেলেও ঋতুপর্ণারা পারেননি। নারী ফুটবল লিগে শুক্রবার শেষ রাউন্ডের ম্যাচ। বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই ঋতুপর্ণাদের রাজশাহী চ্যাম্পিয়ন হবে। তাই নারী ফুটবলাররা প্রায় সবাই ক্যাম্পে থাকায় ভোট দিতে পারেননি। জাতীয় দল ও লিগের বাইরে থাকায় সাবিনা, মাসুরারা অবশ্য ভোট দেয়ার সুযোগ পেয়েছেন।
জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীর এবারই প্রথম ভোট দিয়েছেন। খিলগাওয়ের বাসিন্দা নোশিনের ভোট কেন্দ্র খিলগাও মডেল স্কুল। দুপুরের দিকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন এভাবে, প্রথম সব কিছুই একটি ভিন্ন অনুভূতি। জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি তাই একটু রোমাঞ্চিত।
বাংলাদেশের হকির সূতিকাগার পুরান ঢাকার আরমানিটোলা স্কুল। বর্তমান ও সাবেক হকি খেলোয়াড়দের অনেকের ভোট কেন্দ্রও আরমানিটোলা স্কুল। সাবেক তারকা হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বলেন, আমি, নাইম, হাবুলসহ হকির অনেকেরই ভোট কেন্দ্র আরমানিটোলা স্কুল। সুন্দর পরিবেশেই ভোট দিতে পেরেছি।
সাবেক তারকা ফুটবলার ও মোহামেডানের ফুটবল দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব ভোট দিয়েছেন বাড্ডায়। বিগত সময়ের চেয়ে এবার ভোট তার কাছে ভিন্নতা লেগেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে। সবার মধ্যেই উৎসবের আমেজ। আনন্দঘন পরিবেশের মধ্যে নির্বিঘ্নে ভোট প্রদান করেছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































