ফাইল ছবি, আপন দেশ
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ধারাবাহিক প্রচেষ্টার পর প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এবার তিনি ঢাকা-৩ আসন থেকে জয়ী হয়েছেন। এটি তার রাজনৈতিক জীবনের অন্যতম মাইলফলক। এর আগেও তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। এবারই প্রথম তিনি জয়লাভ করেছেন।
তবে এবারে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেও তিনি টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
গয়েশ্বর চন্দ্র রায় ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। সে নির্বাচনে তিনি আওয়ামী লীগের নসরুল হামিদ বিপুর কাছে হেরে যান। এরপর ২০১৮ সালের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি।
আরও পড়ুন<<>>একটি আসনেও জিততে পারেনি যে ৪২ রাজনৈতিক দল
২০২৬ সালের ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শাহীনুর ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৮২ হাজার ২৩২ ভোট পেয়েছেন।
এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেও ১৯৯১-৯৬ সালে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা এবং স্থানীয় সমর্থকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগই এবারের বিজয়ের মূল কারণ।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনগণের কল্যাণমূলক কার্যক্রমে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন। স্থানীয় নেতারা মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এ জয় তার রাজনৈতিক জীবনে নতুন দিগন্তের সূচনা করবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































