ছবি : আপন দেশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘ককটেল তৈরির সময়’ বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুজনের নাম জানা যায়নি। আহত তিনজন হলেন সদর উপজেলার পাঠাপাড়া গ্রামের মিনহাজ (৫২) ও বজলুর রহমান (২০) এবং রানীহাটির ধুমী গ্রামের মো. শুভ (২০)। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে। টিনের চাল উড়ে গেছে।
আরও পড়ুন<<>>সেলুনে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, ভোর আনুমানিক ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এএসপি ফিরোজ আরও বলেন, চরবাগডাঙ্গায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা আছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
আপন দেশ/
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































