Apan Desh | আপন দেশ

হজের ভিসা ইস্যু শুরু হচ্ছে রোববার

আপন দেশ ডেস্ক 

প্রকাশিত: ১৯:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

হজের ভিসা ইস্যু শুরু হচ্ছে রোববার

ছবি: সংগৃহীত

এ বছরের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) উপলক্ষে রোববার (০৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা ইস্যু কার্যক্রম শুরু করতে যাচ্ছে সৌদি আরব। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের জন্য প্রণীত বিস্তারিত কর্মপরিকল্পনা ক্যালেন্ডারের অংশ হিসেবেই ভিসা ইস্যুর এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। হাজিদের সৌদি আরবে আগমনের বহু আগেই সেবাসংক্রান্ত প্রস্তুতি জোরদার এবং প্রস্তুতিমূলক কার্যক্রম সহজতর করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

২০২৬ সালের হজ মৌসুমের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৫ সালের ৮ জুন। ওইদিন সৌদি আরব বিশ্বব্যাপী হজবিষয়ক দফতরগুলোর কাছে প্রাথমিক পরিকল্পনা সংক্রান্ত নথি পাঠায়। এরপর সফর মাসের শুরুতে এসব দফতরকে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর তাঁবুশিবির সম্পর্কিত বিস্তারিত তথ্যের প্রবেশাধিকার দেয়া হয়। যাতে পরিকল্পনা, পর্যালোচনা ও সমন্বয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৪৪৭ হিজরি সালের ১ রবিউল আউয়াল থেকে আবাসন ও মূল সেবাসংক্রান্ত প্রস্তুতিমূলক চুক্তি শুরু হয়। প্রস্তুতিমূলক বৈঠক সম্পন্ন, পরিচালনাগত তথ্য চূড়ান্ত করা এবং অংশগ্রহণকারী দেশগুলোতে হাজি নিবন্ধন শুরুর শেষ সময়সীমা হিসেবে ২০২৫ সালের ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

জুমাদাল আউয়াল মাসে বড় পরিসরে সেবা চুক্তি স্বাক্ষর এবং সরকারি সংস্থা ও বেসরকারি সেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি হজ সেবা প্রদর্শনী আয়োজন করা হয়। ২০২৬ সালের শুরুতে প্রস্তুতি আরও জোরদার করার অংশ হিসেবে মক্কা ও মদিনায় আবাসন, পাশাপাশি পবিত্র স্থানগুলোতে পরিবহন ও অন্যান্য সেবার চুক্তি জানুয়ারির মধ্যেই সম্পন্ন করার সময়সূচি নির্ধারণ করা হয়।

আরও পড়ুন <<>> এপস্টেই নথি নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মন্ত্রণালয়ের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, রোবাবর (০৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা ইস্যু শুরু হবে। এরপর মার্চ মাসে ভিসা চূড়ান্তকরণ এবং হাজিদের আগমনের আগের প্রস্তুতি সংক্রান্ত তথ্য জমা দেয়ার কার্যক্রম চলবে। ২০২৬ সালের ১৮ এপ্রিল (১৪৪৭ হিজরি ১ জিলকদ) থেকে প্রথম দফায় হাজিদের সৌদি আরবে আগমন শুরু হওয়ার কথা রয়েছে।

হাজিদের আগমনের আগেই অবকাঠামো ও সেবাগুলো সম্পূর্ণ প্রস্তুত রাখতে নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিদেশ থেকে আগত হাজিদের জন্য পবিত্র স্থানগুলোর সব সেবাসংক্রান্ত চুক্তি চূড়ান্ত করা হয়েছে এবং ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসনসংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে।

এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হাজি নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার হাজি নিজ নিজ দেশ থেকে সরাসরি প্যাকেজ বুক করেছেন। পবিত্র স্থানগুলোতে আন্তর্জাতিক হাজিদের জন্য প্রায় ৪৮৫টি তাঁবুশিবির বরাদ্দ দেয়া হয়েছে। একই সঙ্গে ৭৩টি হজবিষয়ক দফতর তাদের প্রাথমিক চুক্তিগত প্রয়োজনীয়তা সম্পন্ন করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্ম ও ইলেকট্রনিক ওয়ালেট ব্যবহারের ফলে আর্থিক লেনদেন ও চুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ছে, কার্যক্রম দ্রুত হচ্ছে এবং বুকিংসংক্রান্ত বিশৃঙ্খলা কমছে। নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ হজ আয়োজন নিশ্চিত করতে অনুমোদিত সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার আহবান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়