Apan Desh | আপন দেশ

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট

ছবি: আপন দেশ

চার দফা দাবি পূরণ না হওয়ায় চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) থেকে দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছিল। তবে আশ্বাসের পরও শ্রমিকদের চার দফা দাবি বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এ কারণে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবারের ধর্মঘটে বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগ্রাম পরিষদ। এর ফলে বন্দরের বহির্নোঙরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খোকন চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা।
২. বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ।
৩. আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার।
৪. আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা।

সংগ্রাম পরিষদের নেতারা বলেন, দাবি আদায়ে আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

আরও পড়ুন <<>> হাতপাখাকে জয়ী করলে কেউ বাড়িছাড়া হবে না: চরমোনাই পীর

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেনসহ আরও অনেকে।

উল্লেখ্য, বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার দুদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়। তবে আশ্বাস বাস্তবায়নের অগ্রগতি না থাকায় শনিবার নতুন করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিক নেতারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়