ছবি: সংগৃহীত
মাত্র ২০ রুপি ঘুষ গ্রহণের অভিযোগে তিন দশক ধরে আইনি লড়াই চালিয়ে যেতে হয়েছে ভারতের গুজরাটের এক পুলিশ কনস্টেবলকে। দীর্ঘ ৩০ বছর পর আদালতে নির্দোষ প্রমাণিত হলেও রায় শোনার পরদিনই হৃদরোগে মারা গেছেন বাবুভাই প্রজাপতি নামের ওই কনস্টেবল।
ঘটনার সূত্রপাত হয় ১৯৯৬ সালে। সে সময় গুজরাটের আহমেদাবাদে কর্মরত বাবুভাই প্রজাপতির বিরুদ্ধে ২০ রুপি ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
১৯৯৭ সালে মামলাটির চার্জশিট দাখিল করা হয়। ২০০২ সালে অভিযোগ গঠন এবং ২০০৩ সালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৪ সালে সেশনস কোর্ট বাবুভাই প্রজাপতিকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড ও তিন হাজার রুপি জরিমানার আদেশ দেন।
এ রায়ের বিরুদ্ধে বাবুভাই প্রজাপতি গুজরাট হাইকোর্টে আপিল করেন। তবে আপিল নিষ্পত্তি হতে লেগে যায় আরও দীর্ঘ ২২ বছর। অবশেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি গুজরাট হাইকোর্টের রায়ে তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
রায়ে আদালত উল্লেখ করে, মামলার সাক্ষীদের বয়ানে গুরুতর অসঙ্গতি রয়েছে এবং অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। বাবুভাই প্রজাপতির পক্ষে আইনজীবী নীতিন গান্ধী আদালতে বলেন, পুরো মামলাটি ছিল সন্দেহের ওপর দাঁড়িয়ে থাকা একটি দুর্বল মামলা, যেখানে গ্রহণযোগ্য প্রমাণের ঘাটতি ছিল।
রায় ঘোষণার পর আইনজীবীর কার্যালয়ে দাঁড়িয়ে আবেগাপ্লুত বাবুভাই প্রজাপতি বলেন, আমার জীবনের কলঙ্ক মুছে গেছে। এখন যদি ঈশ্বর আমাকে তুলে নেন, তবুও আমার কোনো আক্ষেপ থাকবে না।
আরও পড়ুন <<>> প্রেম প্রত্যাখ্যান করায় শিক্ষিকার ঠোঁট কেটে দিল ছাত্র
এ কথা বলেই তিনি বাড়ি ফিরে যান। তবে দুর্ভাগ্যজনকভাবে রায় পাওয়ার পরদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
আইনজীবী নীতিন গান্ধী জানান, রায়ের দিন বাবুভাই অত্যন্ত আনন্দিত ছিলেন। তিনি বলেন, যখন তিনি আমার অফিসে এসেছিলেন, তখন তিনি খুব খুশি ছিলেন। আমি তাকে বলেছিলাম, আপনি সরকারের কাছ থেকে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, সেগুলোর জন্য আবেদন করা উচিত। পরদিন আমি আবার ফোন করলে জানতে পারি, তিনি হৃদরোগে মারা গেছেন।
স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, দীর্ঘদিনের কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার আনন্দ নিয়ে আরও কিছুদিন বেঁচে থাকার সুযোগ পেলে সেটিই হতো বাবুভাই প্রজাপতির জীবনের প্রকৃত প্রাপ্তি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































