ছবি : আপন দেশ
জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনো লাভ হবে না। জনগণ জানতে চায়, আমরা মানুষের জন্য কী করব। এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি।’
শনিবার (০৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রয়াত চেয়ারপারসনের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ‘খালেদা জিয়া বলতেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে, বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘২০২৪ সালে জুলাই অভ্যুত্থান দিয়ে দেশকে রক্ষা করেছি। এখন দেশকে এগিয়ে নিতে হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখিনি কে কোন ধর্মের। ২৪-এও একই। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছেন। আগামীতেও তাই হবে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নারীকে কর্মের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছাতে চাই। এর মাধ্যমে সহজে ঋণ নেয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষঋণ মওকুফ করতে চাই।’
তিনি বলেন, ‘কৃষকদের পাশে যেমন দাঁড়াব, তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করব। যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। তাদের ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগিতা লাগবে।’
আরও পড়ুন : সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
বিএনপি সরকার গঠন করলে দ্রুত সময়ের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি তিনি বলেন, ‘আমাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে, এ এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূর এগিয়েছে। ইনশাআল্লাহ, বিএনপি আগামী ১২ তারিখের নির্বাচনে সরকার গঠন করলে, যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট চালু করব।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































