Apan Desh | আপন দেশ

টানা পাঁচ দিন ছুটি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

টানা পাঁচ দিন ছুটি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে। নির্বাচনের সরকারি ছুটি, সাপ্তাহিক বন্ধ এবং ধর্মীয় ছুটি মিলিয়ে টানা এ অবকাশ পাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে স্কুল, কলেজ, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

নির্বাচনের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। এর পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পড়েছে সাপ্তাহিক ছুটি। এ দুই দিন যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মেই বন্ধ থাকবে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় ছুটি। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। ফলে নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও পূজার ছুটি মিলিয়ে মোট পাঁচ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন <<>> ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনের ছুটি

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানে ছুটি থাকবে। একই সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ দুই দিন ছুটির আওতায় থাকবেন।

শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণে অংশগ্রহণের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটি ও ধর্মীয় ছুটি মিলিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ বিরতি পড়ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়