Apan Desh | আপন দেশ

রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক আহত

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আজিম (২৭) নামে এক ডেইরি ফার্মের কর্মচারী আহত হয়েছেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাপাড়ার মিনি কক্সবাজার এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আজিমকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, আজিম জোসনা ডেইরি ফার্মে কর্মরত। ফার্মের মালিক শফিকুল ইসলাম সাদেক জানান, বিকেলে আজিম ফার্মের পাশের একটি মাঠে ঘাস কাটতে যান। এ সময় ঘাস কাটার একপর্যায়ে কাঁচির আঘাতে বলের মতো দেখতে একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে আজিমের বাম হাতের তালু গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং বাম পায়ের রানেও আঘাত লাগে। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন <<>> পোস্টাল ভোট গণনায় যারা উপস্থিত থাকতে পারবেন

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বিস্ফোরিত বস্তুটি পরিত্যক্ত কোনো ককটেল ছিল, যা ঘাস কাটার সময় কাঁচির আঘাতে বিস্ফোরিত হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত ওই যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়েছে এবং বাম পায়ের রানেও আঘাত লেগেছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়