ছবি: সংগৃহীত
পোস্টাল ভোটের গণনা সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে, অন্যান্য কেন্দ্রের মতো পোস্টাল ভোট গণনার সময়ও প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকরা উপস্থিত থাকতে পারবেন।
ইসি জানায়, গণনার স্থান নির্ধারণের ক্ষেত্রে রিটার্নিং অফিসার স্থান সংকুলানের বিষয়টি বিবেচনা করবেন। এছাড়া প্রার্থী বা তার নির্বাচনী পোলিং এজেন্টকে গণনার সময়, স্থান ও তারিখ সম্পর্কে আগেভাগে লিখিতভাবে অবহিত করতে হবে এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় বা অন্য কোনো সুবিধাজনক স্থানে আসনভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করতে হবে। ভোটের সংখ্যা অনুযায়ী উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে। রিটার্নিং অফিসারের নির্দেশে প্রিসাইডিং অফিসার, সহকারী কর্মকর্তা ও পোলিং অফিসাররা গণনা কার্যক্রমে অংশ নেবেন। গণনা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রিসাইডিং অফিসার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ব্রিফিং দেবেন।
আসনভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ভোট গণনার সময় সংশ্লিষ্ট আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ও বিবরণী উপস্থিত প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের জানাবেন। এরপর পোস্টাল ব্যালট সংরক্ষণের সব ব্যালট বাক্স খোলা হবে।
আরও পড়ুন <<>> আট দলের প্রধানের বক্তব্য প্রচার করবে বিটিভি
পোলিং অফিসাররা প্রথমে ফেরত আসা খামগুলো একত্র করবেন এবং পরে একে একে খুলবেন। প্রতিটি খাম খোলার পর পোস্টাল ব্যালট সংবলিত খাম ও ঘোষণাপত্র (ফরম-৮) যাচাই করা হবে। ঘোষণাপত্রে ভোটারের সই সঠিক আছে কি না তা পরীক্ষা করা হবে।
যেসব ঘোষণাপত্রে সই যথাযথ থাকবে, সেগুলো আলাদা করে রাখা হবে এবং সংশ্লিষ্ট ব্যালটসম্বলিত খাম না খুলে পৃথকভাবে সংরক্ষণ করা হবে। কেবল সই সঠিক ঘোষণাপত্রের সঙ্গে থাকা ব্যালটই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলে গণনাভুক্ত হবে। এভাবে সব বৈধ ঘোষণাপত্র একত্রিত করে সংশ্লিষ্ট ব্যালট খামগুলো এক স্থানে সংরক্ষণ করে পরবর্তী গণনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































