Apan Desh | আপন দেশ

শবে বরাত: সুন্নত মোতাবেক ইফতার-দোয়া কবুলের মহিমা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

শবে বরাত: সুন্নত মোতাবেক ইফতার-দোয়া কবুলের মহিমা

সংগৃহীত ছবি

আজ পবিত্র শবে বরাত। এ মহিমান্বিত রজনীর সওয়াব হাসিলে ধর্মপ্রাণ মুসলমানরা আজ নফল রোজা রাখছেন। দিনভর সিয়াম সাধনার পর এখন ইফতারের প্রস্তুতি। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর এক ঢোক শীতল পানি মুমিনের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। এ ইফতার যদি হয় সুন্নাহ অনুযায়ী, তবে সওয়াব ও বরকত বৃদ্ধি পায় বহুগুণ।

যেকোনো খাবার গ্রহণের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা সুন্নত। ইফতারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। এছাড়া ইফতারের সময় আরও কিছু বিশেষ আদব মেনে চলা উচিত- পরিচ্ছন্নতা: খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া। বিনয়: অহংকারীভাবে হেলান দিয়ে না বসে বিনয়ের সঙ্গে বসে ইফতার করা। ডান হাতের ব্যবহার: সুন্নাহ অনুযায়ী ডান হাতে খাবার গ্রহণ করা। ধৈর্য ও স্থৈর্য: তাড়াহুড়ো না করে ধীরে-সুস্থে ইফতার করা। কৃতজ্ঞতা: ইফতার শেষে আল্লাহর শোকর আদায় করা।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় ও পরে বিশেষ কিছু দোয়া পাঠ করতেন। পাঠকদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ দুটি দোয়া এখানে তুলে ধরা হলো-

১. ইফতারের মুহূর্তের দোয়া-

اَللهُمَّ لَكَ صُمْتُ وَعَلىٰ رِزْقِكَ أَفْطَرْتُ উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া ’আলা রিযকিকা আফতারতু। অর্থ: হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়েই ইফতার করেছি। (সুনানে আবু দাউদ)

২. ইফতারের পরের দোয়া- ইফতার করার পর নবীজি (সা.) তৃপ্ত হয়ে এ দোয়াটি পড়তেন:

ذَهَبَ الظَّমَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ উচ্চারণ: যাহাবায-যামাউ ওয়াব-তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ: পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো আর আল্লাহ তাআলা চাইলে রোজার সওয়াবও নির্ধারিত হলো। (সুনানে আবু দাউদ)

ইফতারের আগের সময়টুকু দোয়া কবুলের জন্য অত্যন্ত কার্যকর। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) এর ইরশাদ অনুযায়ী তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না। তাদের মধ্যে অন্যতম হলো—ইফতারের সময় রোজাদারের দোয়া (সুনানে তিরমিজি)।

তাই এ পবিত্র দিনে ইফতারের আয়োজনের পাশাপাশি নিজেদের গুনাহ মাফ এবং দেশ ও জাতির কল্যাণে আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়