জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।
দেশ পরিচালনার দায়িত্ব পেলে মাত্র পাঁচ বছরের মধ্যে দেশের চেহারা বদলে দেয়া হবে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তরুণ প্রজন্মের স্বপ্নের নতুন বাংলাদেশ এ সময়ের মধ্যেই দৃশ্যমান হবে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা ও মহানগর জামায়াত এ জনসভার আয়োজন করে।
সিলেটের সন্তান হিসেবে জনগণের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক হতে চাই না, আপনাদের চৌকিদার হিসেবে সেবা করতে চাই। জনগণের মর্যাদা নিশ্চিত করাই আমাদের মূল অঙ্গীকার।
বিগত ৫৪ বছরের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, দেশে দীর্ঘ সময় ধরে জুলুমের রাজনীতি চলেছে। জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দল হিসেবে জামায়াত কারো ওপর প্রতিশোধ নেয়নি। অন্যরা মামলা বাণিজ্য করলেও জামায়াত তা থেকে দূরে আছে।
আরও পড়ুন>>>দুই দিনে রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান
সিলেটের খনিজ সম্পদের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের মানুষ তাদের ন্যায্য হিস্যা পাচ্ছে না। এখনও অনেক এলাকায় গ্যাস ও বিদ্যুৎ পৌঁছায়নি। নদীগুলো ধ্বংস করা হয়েছে, মদ ও গাঁজায় সিলেট ছেয়ে গেছে। আমরা দায়িত্ব পেলে এসব বন্ধ করব। কেবল নদী খনন নয়, বাংলাদেশকে নদীবান্ধব দেশ হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, দেশে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। অফিস-আদালতে ঘুষ নেয়ার সুযোগ থাকবে না। দুর্নীতি বন্ধ হলে চুরি বন্ধ হবে, আর তাতেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, গত ৫৪ বছরে দেশের টাকা লুট হয়েছে। কেউই পুরোপুরি নির্দোষ ছিল না। যারা জনগণের টাকা চুরি করেছে, আমরা দায়িত্ব পেলে তাদের ছাড় দেব না।
সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শুধু নামে। বাস্তবে কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামে না। আমরা নামে নয়, কাজে এ বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেব।
সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। শেষে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমীর।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































