Apan Desh | আপন দেশ

জামায়াতের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ, কড়া সমালোচনা রিজভীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৪, ১১ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৪৭, ১১ আগস্ট ২০২৬

জামায়াতের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ, কড়া সমালোচনা রিজভীর

ছবি: আপন দেশ

জামায়াতে ইসলামীর ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে সংগঠন দুটি। পরে ডিআরইউ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা।

সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, আমার পরিচিতি বাংলাদেশি, এটা ৭১-এর অর্জন। আমরা তাঁদের উত্তরসূরি, যারা সীমান্তের যুদ্ধ করেছেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রিজভী বলেন, যারা সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের বীরত্বের ইতিহাস নেই; শুধু আছে দালালির ইতিহাস। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার অপচেষ্টা করছে।

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের কৃপা পাওয়ার জন্য দলটি সব সময় চেষ্টা করেছে। ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জামায়াত নির্বাচনে গিয়েছিল বলেও দাবি করেন তিনি। ২০০৮ সালের নির্বাচন নিয়েও জামায়াতের বিরুদ্ধে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করার অভিযোগ করেন রিজভী আহমেদ।

ভারতের সমালোচনা করে রিজভী বলেন, যারা আমাদের সঙ্গে প্রতারণা করছে, যে ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক কোটির মতো মুসলমানকে তাড়িয়ে দেবেন- যারা ইসরাইলকে তাদের পিতৃভূমি বলে, তাদের সঙ্গে জামায়াতে ইসলামী আঁতাত করতে চায়।

জামায়াতে ইসলামীর প্রধানের বাসভবনে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সেখানে ‘সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা’র কোনো ছবি নেই। পাশাপাশি ৭ মার্চে শেখ মুজিবের ভাষণের ইতিহাস তুলে ধরা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠনের ‘দাঁড়িপাল্লা’ আঁকার প্রসঙ্গও তুলে ধরেন রিজভী। তার অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ‘হালকা করে দেখানো’ হচ্ছে এবং এসব ঘটনা ‘উদ্দেশ্যপ্রণোদিত’।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, একাত্তরের চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানেরা ২৪-এ শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছে। আজকে খুবই চক্রান্তমূলকভাবে কোনটা বড়, কোনটা ছোট- এটা যাচাই করার চেষ্টা করছেন। এতে কোনো লাভ হবে না। এ জাতি স্বাধীনতা রক্ষা করতে জানে।

সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জাহেদুল হক শামীম ও সহসভাপতি ড. কে এম আই মন্টি উপস্থিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়