Apan Desh | আপন দেশ

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৭, ১২ নভেম্বর ২০২৬

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপে আগুন ধরে যায় বলে দাবি করেছেন দলটির এক নেতা। 

এ ঘটনায় নুসরাতের বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন। তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।

নুসরাত তাবাসসুম আরও লেখেন, এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে বিভিন্ন পোস্টে বাড়িতে অগ্নিকাণ্ডের কথা বলা হলেও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন<<>>‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’

নুসরাত তাবাসসুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি ধরেন এনসিপির সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক মো. ওয়াহিদ উজ জামান। তিনি জানান, নুসরাত এ মুহূর্তে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই।

ঘটনার বিষয়ে ওয়াহিদ উজ জামান বলেন, রাত পৌনে ১২টার পর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো সিসিটিভি ফুটেজ দেখা হয়নি। তবে তার ধারণা, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত।

ওয়াহিদ উজ জামানের দাবি, আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। নুসরাতের বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরাও আহত হয়েছেন। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে দৌলতপুর থানার ওসির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি না, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কি না কিংবা কোনো আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়