ছবি: সংগ্রহীত
চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী পদ ছাড়তে বাধ্য হয়েছেন জেনসেন হুয়াং। এ ঘটনায় অপসারণের ঝুঁকিতে আছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও। তাকে পদ থেকে সরানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি ।
যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কালো তালিকায় ডজনখানেক চীনা প্রতিষ্ঠান যুক্ত করতে প্রশাসন অস্বীকৃতি জানায়। এনভিডিয়ার চীনে রফতানি সরকার যথাযথভাবে তদারকি করছে কি না, তা নিয়ে লুটনিকের সমালোচনা করছেন আইনপ্রণেতাদের একাংশ। সে সংখ্যা ক্রমেই বাড়ছে।
বৃহস্পতিবার হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দেন। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের খবরের পর এ পদত্যাগ। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছে মার্কিন কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংকে। হুয়াংয়ের পদত্যাগের আগেই লুটনিকের কর্মকাণ্ডের সমালোচনা শুরু হয়েছিল। তবে চীনে এআই চিপ চালান সীমিত করতে লুটনিক যথেষ্ট কিছু করেননি, এ অভিযোগ এখন আরও জোরালো হয়েছে।
রয়টার্সের খবরের পর হোয়াইট হাউস ও বাণিজ্য বিভাগ তাৎক্ষণিক মন্তব্য করেনি। এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রী ও তার দায়িত্ব পালনের সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা রাখেন।
জুনে রয়টার্স জানায়, চীনা এআই স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা সিএক্সএমটিসহ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত শতাধিক প্রতিষ্ঠানকে কালো তালিকায় যুক্ত করা থেকে বিরত ছিল ট্রাম্প প্রশাসন। ২০২৫ সালের অক্টোবরের পর ওই তালিকায় কোনও নতুন নাম যোগ হয়নি, যা এক দশকের বেশি সময়ের মধ্যে দীর্ঘতম বিরতি।
আরও পড়ুন<<>>ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ
লুটনিকের চাকরি যাওয়া উচিত কি না, সিএনএনে এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেন, আমি এখনও জানি না। তিনি ও অন্যরা লুটনিককে দ্রুত প্রকাশ্যে প্রশ্নের জবাব দিতে আহবান জানিয়েছেন। কেনেডি বলেন, এটি অ্যানিউরিজমের মতোই গুরুতর।
ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, লুটনিক ও আন্ডার সেক্রেটারি জেফ্রি কেসলারকে ব্যাখ্যা করতে হবে কেন তারা রফতানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি। জানুয়ারি থেকে সিনেটের ব্যাংকিং কমিটির চেয়ার হতে যাচ্ছেন ওয়ারেন। পররাষ্ট্র সম্পর্ক কমিটির নতুন চেয়ার ক্রিস কুনস লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি লিখে এনভিডিয়ার চীনে চিপ রফতানিসংক্রান্ত সব নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
সিনেটররা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের খবরের উল্লেখ করেছেন। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের নির্বাহী, যা ২০২৪ সালের জুন থেকে এনভিডিয়ার ৪৮০ কোটি ডলারের বেশি উন্নত এআই চিপ কিনেছে।
সিনেট ফাইন্যান্স কমিটির শীর্ষ ডেমোক্রেট রন ওয়াইডেন ও হাউস ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির শীর্ষ ডেমোক্রেট রিচার্ড নিল লুটনিককে চিঠি লিখে জানিয়েছেন। চীনা সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে উদ্বেগজনক সংযোগ থাকা কোম্পানির কাছে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমোদনের তদন্ত করছেন তারা। ২০২৫ সালের ডিসেম্বরে এইচ২০০ চিপ বিক্রির বিনিময়ে রফতানি আয়ের একটি অংশ নেয়ার ট্রাম্পের সিদ্ধান্তকে তারা অসাংবিধানিক রফতানি কর বলেছেন।
ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট বলেন, চিপ রফতানি অনুমোদনে বাণিজ্য বিভাগের ভূমিকা নিয়ে কংগ্রেসের তদন্ত দরকার। তবে লুটনিকের ওপর তার আস্থা আছে। ওয়াল স্ট্রিটের অভিজ্ঞ ব্যক্তিত্ব লুটনিক তিন দশক ধরে ট্রাম্পের বন্ধু।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































