ফাইল ছবি
বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জাতীয় দলের কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া। ফলে প্রথম কোনো আর্জেন্টাইন কোচ হিসেবে তিনটি বিশ্বকাপে দলটির ডাগআউট সামলাবেন স্কালোনি।
তিনি বলেন, ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে লিওনেল স্কালোনির কোচিং স্টাফের চুক্তি নবায়নের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেব আমরা। এএফএ কার্যনির্বাহী কমিটির সকলের, একই সঙ্গে সকল আর্জেন্টাইনের জন্য আনন্দের বিষয় এটি। তাপিয়া জানান, আরও চার বছরের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে এই চুক্তিতে।
আর্জেন্টিনা দলের সঙ্গে পথচলা আরও দীর্ঘ করতে পেরে উচ্ছ্বসিত ৪৮ বছর বয়সি স্কালোনি। তিনি বলেন, প্রথম দিনের মতোই আমি এখনও সমান ক্ষুধার্ত ও রোমাঞ্চিত এবং এই ধারা অব্যাহত রাখতে পেরে আমি খুশি। আমি কৃতজ্ঞ এবং এখন থেকে একটি নতুন প্রক্রিয়া শুরু হবে।
স্কালোনির দীর্ঘদিনের সহকারী ওয়াল্তার সামুয়েল ইউরোপে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাকে বাদ দিলে তার বাকি স্টাফরা অপরিবর্তিত থাকছেন।
আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল স্কালোনির। গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়ার সঙ্গে কয়েক দফা বৈঠক, অনেক চিন্তাভাবনা এবং পরিবারের সঙ্গে আলোচনার পর দায়িত্বে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ২০২২ বিশ্বকাপজয়ী এ কোচ।
২০১৮ বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্জেন্টিনা ছিটকে পড়ার পর স্কালোনিকে ওই বছরের জন্য ভারপ্রাপ্ত কোচ করা হয়। ২০০৬ বিশ্বকাপে খেলা এ সাবেক ফুটবলার তখনও পর্যন্ত কোচ হিসেবে ছিলেন একদম আনকোরা ও অপরিচিত। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে ছিলেন তিনি।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
ওই বছরের শেষ নাগাদ তার মেয়াদ বাড়ানো হয় ২০১৯ কোপা আমেরিকা পর্যন্ত। অনভিজ্ঞ একজনকে দায়িত্ব দেয়ায় তখন তুমুল সমালোচনায় হয় আর্জেন্টিনার ফুটবল মহলে। ‘অযোগ্য’ কোচ নিয়োগের জন্য ফুটবল কর্তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে কিংবদন্তি দিয়েগো মারাদোনা বলেছিলেন, এ লোক এমনকি ট্র্যাফিকও নিয়ন্ত্রণ করতে পারবেন না।
২০১৯ কোপা আমেরিকায় ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর আবার সমালোচনার ঝড় বয়ে যায়। তার পরও ২০২২ বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়। এরপর কেবলই অবারিত সাফল্যের সময়। ২৮ বছরের খরা কাটিয়ে ২০২১ কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। তখনকার ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জেতে ফিনালিস্সিমা ট্রফি। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জিতে নেয় ২০২২ বিশ্বকাপ। মেয়াদ বাড়ানো হয় স্কালোনির। সাফল্যের পরিধিও বাড়ে। কোপা আমেরিকার ট্রফি ধরে রাখে তার দল ২০২৪ আসরে।
বিশ্বকাপেও ট্রফি ধরে রাখা থেকে একটি জয় দূরে ছিল স্কালোনির দল। কিন্তু ফাইনালের মঞ্চে নিষ্প্রভ পারফরম্যান্সে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।
স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনার এসব সাফল্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল অধিনায়ক লিওনেল মেসির। গত অক্টোবরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানেন এ ফুটবল জাদুকর।
মেসিকে ছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের পুনর্গঠনের কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। মহাতারকার অবসরের পর প্রথম ম্যাচ খেলবে তারা বাংলাদেশ সময় শনিবার (১৪ নভেম্বর) ভোরে উরুগুয়ের বিপক্ষে। এরপর মঙ্গলবার কোস্টা রিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপজয়ীরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































