Apan Desh | আপন দেশ

ফুলবাড়ী প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ১৩ নভেম্বর ২০২৬

ফুলবাড়ী প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ

ছবি: আপন দেশ

আকাশ কালো করে বৃষ্টি নামলেই শুরু হয় যাত্রীদের ছোটাছুটি। আবার প্রখর রোদেও স্বস্তি নেই। কেউ ছুটছেন টিকিট কাউন্টারের দিকে, কেউ দোকানের নিচে, আবার কেউ আশ্রয় নিচ্ছেন ১ নম্বর প্ল্যাটফর্মে।

কিন্তু ট্রেনের ঘোষণা এলেই সে আশ্রয় ছেড়ে আবার ছুটতে হয় ২ নম্বর প্ল্যাটফর্মে। কারণ ট্রেন ক্রসিং হলে বিপরীত দিকের ট্রেনটি দাঁড়ায় সেখানেই।

ট্রেন আসার পর গিয়ে ওঠার সুযোগ থাকে না। ফলে ২০ থেকে ৩০ মিনিট আগেই সেখানে গিয়ে অপেক্ষা করতে হয় যাত্রীদের। অথচ প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এ প্ল্যাটফর্মে নেই কোনো যাত্রী ছাউনি।

রোদ-বৃষ্টি নামলেই দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নেমে আসে চরম দুর্ভোগ। আবার তীব্র রোদেও ছায়ার অভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ছাউনিহীন প্ল্যাটফর্মে বৃষ্টির পানিতে ভিজে হয় যাত্রীদের।

অন্যদিকে প্রখর রোদের মধ্যে প্রচন্ড গরমে দাঁড়িয়ে থাকতে হয়। এখানেও দুর্ভোগের শিকার যাত্রারা। নিরাপদ জায়গা না থাকায় এ প্রতিকূল পরিবেশই অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, ২ নম্বর প্ল্যাটফর্মের দীর্ঘ অংশজুড়ে যাত্রীদের জন্য কোনো স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নেই। বৃষ্টি শুরু হলে নিরাপদ জায়গার খোঁজে ছুটতে থাকেন যাত্রীরা। তবে ট্রেন আসার ঘোষণা হলেই আবার ছুটতে হয় প্ল্যাটফর্মে। ফলে বৃষ্টি কিংবা রোদের মধ্যে শিশু ও রোগীদের নিয়ে দৌঁড়াদৌঁড়ি করতে গিয়ে তৈরি হয় বাড়তি ভোগান্তি।

রেলওয়ে সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলবাড়ী স্টেশন দিয়ে আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন ২২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার যাত্রী এ স্টেশন ব্যবহার করেন। ট্রেন ক্রসিংয়ের কারণে সপ্তাহে গড়ে অন্তত ৩০ বার ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়। ওই সময় প্ল্যাটফর্মটিতে যাত্রীদের চাপও বেড়ে যায়।

আরও পড়ুন <<>> চাটমোহরে আদালত অমান্য করে বাড়ি দখলের অপচেষ্টা

বৃষ্টি ও রোদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অসুস্থ রোগী, প্রতিবন্ধী, বয়স্ক ও শিশুদের নিয়ে যাওয়া স্বজনরা। একদিকে রোগী সামলাতে হয়, অন্যদিকে ব্যাগ, চিকিৎসার কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র বাঁচাতে হয়। দূরের হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ভোগান্তি আরও বেশি। বৃষ্টিতে প্রেসক্রিপশন, চিকিৎসার রিপোর্ট, ওষুধ, কাপড় ও সঙ্গে নেয়া খাবার ভিজে যায়। আবার রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে অসুস্থ ও বয়স্ক যাত্রীদের শারীরিক কষ্ট বেড়ে যায়। ট্রেন আসার সময় ভিড়ের মধ্যে পানি মাড়িয়ে কিংবা প্রচন্ড গরমে দ্রত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

ফুলবাড়ী পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের রাকিব হাসান জনি বলেন, ট্রেন ধরতে ২০-৩০ মিনিট আগে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে হয়। বৃষ্টি শুরু হলে সেখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই। আবার রোদেও ছায়া পাওয়া যায় না। ছোট বাচ্চা, বয়স্ক বা রোগী সঙ্গে থাকলে দুর্ভোগের শেষ থাকে না।

সমাজকর্মী স্থানীয় বাসিন্দা সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, যে প্ল্যাটফর্মে প্রতিদিন শত শত মানুষ দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করেন, সেখানে ছাউনি নেই-এটা মেনে নেয়া যায় না। বৃষ্টি হলেই যাত্রীদের ছোটাছুটি করতে হয়। আবার রোদের সময়ও অনেকে ছায়ার জন্য এদিক-ওদিক ছুটছেন। দ্রুত এখানে ছাউনি নির্মাণ করা দরকার।

স্থানীয়দের অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও ২ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য নেই কোনো স্থায়ী ব্যবস্থা। অথচ ট্রেন ক্রসিংয়ের কারণে নিয়মিত ওই প্ল্যাটফর্র্মেই ট্রেন দাঁড়ায়। ফলে ছাউনি না থাকলেও যাত্রীদের বাধ্য হয়েই সেখানে আগে থেকে অপেক্ষা করতে হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অন্তত একটি অংশে হলেও দ্রুত ছাউনি নির্মাণ করা প্রয়োজন।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মে জায়গা সংকটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সমস্যা নিয়ে যাত্রীরা প্রায়ই অভিযোগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়