ফাইল ছবি
বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের মুখে পড়েছে মাইক্রোসফট। এতে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।
এ বিপর্যয়ের কারণে মাইক্রোসফটের জনপ্রিয় সেবা মাইক্রোসফট টিমস, আউটলুক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলট ব্যবহারে বিঘ্ন ঘটছে। এসব সেবায় সংযোগজনিত সমস্যার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওয়েবসাইট ও অনলাইন সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ (জিএমটি) বিশ্বজুড়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়।
সমস্যা সমাধানে মাইক্রোসফটের প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে অবশ্য পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছিল তারা।
মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, একাধিক অঞ্চলে তাদের অবকাঠামোর ওপর স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। সাধারণত এর অর্থ হলো, প্রতিষ্ঠানটির সার্ভারগুলো অতিরিক্ত কাজের চাপে রয়েছে। ফলে সেবাগুলো স্বাভাবিকভাবে পরিচালনায় বিঘ্ন ঘটছে।
কবে নাগাদ সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন<<>>ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে তারা 'সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে' এবং সেবা স্বাভাবিক করতে 'আক্রান্ত' সার্ভারগুলো পুনরায় চালু চেষ্টা করছে।
মাইক্রোসফট জানিয়েছে, এ বিভ্রাটের কারণে ‘সম্ভাব্য ক্ষতিগ্রস্ত’ সেবার তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে ইমেইল, ক্লাউডে ফাইল আদান-প্রদান, মিটিং ও দাফতরিক কাজ পরিচালনার জন্য ব্যবহৃত আউটলুক, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন রয়েছে।
এছাড়া ক্লাউড-ভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারও বিভ্রাটের তালিকায় রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোক্রোসফটের ডিজিটাল সেবা অচল হয়ে পড়ায় বাস্তব জীবনে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ইমেইল আদান-প্রদান ছাড়াও, বিভিন্ন ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ, পণ্যের অর্ডার সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা বিঘ্নিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বেশ কিছু সরকারি সেবাকেন্দ্র বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































