Apan Desh | আপন দেশ

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নয়া কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১১, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:০৮, ৭ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নয়া কর্মসূচি

ছবি : আপন দেশ

গণভোটের রায় কার্যকর করার দাবিতে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৯ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।

মামুনুল হক বলেন, ‘গত নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচিত সরকার এ রায় বাস্তবায়নে নানা ছলচাতুরি ও কালক্ষেপণ করছে। মানুষের ম্যান্ডেটকে তারা উপহাস করছে এবং জনগণকে অপমান করছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশগুলো তৈরি হয়েছিল, বর্তমান সরকার তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ পাস না করার সিদ্ধান্ত নিয়েছে। এটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা। সরকার দেশে পুনরায় একদলীয় শাসন ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটাতে চাইছে।’

১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি

৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। ১০ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ দেশব্যাপী এই কর্মসূচি চলবে।
১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
১২ এপ্রিল দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি।
১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (মুক্তিযোদ্ধা হল)-এ জাতীয় সেমিনার।

আরও পড়ুন : হামের প্রাদুর্ভাব ঠেকাতে যে পদক্ষেপের কথা জানালেন রিজভী

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়