ছবি: আপন দেশ
ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা ছিল দলটির।
তবে, এবার স্থান পরিবর্তন করে ওই সমাবেশটি প্রধান দলীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রোববার (২৯ নভেম্বর) সকালে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, বিজয় দিবস জাতির অর্জনের দিন। এ কারণেই বিএনপি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
সমাবেশের স্থান পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কারের কাজ চলায় বিজয় মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ডিসেম্বরের সমাবেশ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে বিএনপির পক্ষ থেকে বৈঠক করা হয়েছে।
আরও পড়ুন <> সুষ্ঠু ইউপি নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি
চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরাজিত শক্তি আজও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, তা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয় থাকলে চলবে না। তারা তৎপর না হলে পরিস্থিতির উন্নতি হবে না।
বিএনপির এই নেতা বলেন, নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনকে মানুষ গুরুত্ব দেয়নি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































