ছবি : আপন দেশ
হামের প্রাদুর্ভাব রোধে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ এবং জনস্বাস্থ্যসংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্যখাতে অবহেলার কারণে হামের ঝুঁকি বেড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’
তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য দিবস চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সবার জন্য গুরুত্বপূর্ণ। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সবার জীবন’। এই প্রতিপাদ্যের মূল কথা হলো—সবাইকে বিজ্ঞানের সঙ্গে থাকতে হবে। বিজ্ঞানের বাইরে থাকলে সঠিক রোগ নির্ণয়, সুস্বাস্থ্য এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়।”
রিজভী বলেন, ‘বর্তমানে হামের প্রাদুর্ভাবের পেছনে টিকাবিরোধী প্রচার ও কুসংস্কার অন্যতম কারণ। উন্নত বিশ্বেও ‘অ্যান্টি-ভ্যাকসিন’ গোষ্ঠী সক্রিয়। এর ফলে সমাজে এখনো অন্ধত্ব, ভুল ধারণা ও কুসংস্কার ছড়িয়ে আছে। আধুনিক চিকিৎসাব্যবস্থা বিজ্ঞানেরই ফল। মানুষ প্রত্যাশা করে, যেকোনো মহামারি বা রোগের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ ও উপকরণ নিয়ে মানুষের পাশে দাঁড়াবে।’
তিনি বলেন, ‘করোনার সময় বরাদ্দ দেওয়া চাল ও গম তৎকালীন ক্ষমতাসীন চেয়ারম্যানদের বাড়ির নিচে পাওয়া গেছে। এর ফলে বহু মানুষের জীবন গেছে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার উদ্দীপ্ত ও সক্রিয় হলেও জনস্বার্থকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। গত ১৫ বছরে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত গুরুত্ব দেয়া হয়নি বলেও তিনি মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সময়েও এ খাতে যথেষ্ট নজর দেয়া হয়নি।’
আরও পড়ুন : দেশে জ্বালানি তেল নিয়ে সংসদে যে তথ্য জানালেন মন্ত্রী
তিনি আরও বলেন, ‘গত ১২-১৩ মার্চ থেকে এপ্রিলের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ময়মনসিংহ এখন হামের ‘হটস্পট’। এ পরিস্থিতিতে স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম জোরদার করতে হবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































