ফাইল ছবি, আপন দেশ
সিরিজ ককটেল বিস্ফোরণের একদিন পর রাজধানীজুড়ে নজিরবিহীন তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়সহ বিভিন্ন এলাকায় ২৫০টি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেট কার তল্লাশি করা হচ্ছে।
ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন সাংবাদিকদের জানান, রোববারের ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা ১৫ জনকে গ্রেফতার করেছি। পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারা এলাকায় চলছে তল্লাশি।
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিটিভির সামনে চেকপোস্ট তল্লাশি কার্যক্রম চলছে। সন্দেহভাজন মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেটকারে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি জানান, সকালে বনশ্রীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা দুই জনকে গ্রেফতার করেছি।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগাঁরগাও মেট্রো স্টেশনের নিচে আমাদের তল্লাশি কার্যক্রম চলছে।
আরও পড়ুন<<>>ফার্মগেটে যাত্রীবাহী বাসে আগুন
রমনা থানার উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমনা বিভাগের প্রতিটি থানাকে তল্লাশি বা চেকপোস্ট কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, প্রতিটি থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে চেকপোস্ট পরিচালনার জন্য। যে সব দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়াতে চায়, তাদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।
শুক্রবার (০৬ নভেম্বর) থেকে রাজধানীজুড়ে গুরুত্বপূর্ণ এলাকাভেদে চলছে ককটেল বিস্ফোরণের ঘটনা। বাদ যাচ্ছে না থানাগুলোও। রোববার রাতে একসঙ্গে রাজধানীর অন্তত ৫ থানাসহ ১৫টি স্পটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দিন ভাটারা থানার সন্মুখভাগে একটি স্কুল বাসেও আগুন দেয়ার ঘটনা ঘটে। তার আগে একই এলাকায় একটি যাত্রীবাহী বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটে।
সোমবারেও ককটেল বিস্ফোরন ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও দেশের কয়েকটি জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরেন খবর পাওয়া গেছে।
সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীজুড়ে এমন ঘটনা বেশি ঘটছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































