Apan Desh | আপন দেশ

কপ-৩১ সম্মেলন

প্রধানমন্ত্রী তুরস্ক যাচ্ছেন মঙ্গলবার  

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৩, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:১৯, ৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তুরস্ক যাচ্ছেন মঙ্গলবার  

ফাইল ছবি

ভূ-মধ্যসাগরের তীরে তুরস্কের পর্যটননগরী আনতালিায় শুরু হয়েছে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় সম্মেলন কপ-৩১। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের অবস্থান ও দাবি তুলে ধরবেন তিনি। 

প্রধানমন্ত্রী ১১ নভেম্বর এবং ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। তিনি সম্মেলনে দুইটি পৃথক পর্বে বক্তব্য দেবেন। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তারেক রহমান। 

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়াও সাইডলাইনে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। 

জানা গেছে, কপ-৩১ সম্মেলনে অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত বিশ্বের কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক, প্রযুক্তিগত সহায়তার দাবি জানাবে বাংলাদেশ। 

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয় পরিচালিত অভিযোজনে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।

এ ছাড়া ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সহজলভ্য অনুদানের দাবি জানানো হবে।

আরও পড়ুন<<>>‘রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’

উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার তাগিদ দিয়ে মিন্টু বলেন, এক্ষেত্রে প্রধান কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিতের পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও যুবদের কর্মসংস্থান সুরক্ষা জোরদার করার আহবান জানানো হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। বাংলাদেশ এ সম্মেলনে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দেবে।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ এসব তথ্য জানান। তিনি জানান, আয়োজক দেশ তুরস্কের প্রধান প্রতিনিধির পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও বার্বাডোসের প্রতিনিধিদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। 

সাইমুম পারভেজ আরও জানান, বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে কপ-৩১ এ বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারত নিয়ে গঠিত আঞ্চলিক জোট 'বিবিআইএন' এ অঞ্চলের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান তুলে ধরে কপে জোরালো নেতৃত্ব দিতে পারে। 

এলডিসি উত্তরণ নির্বিশেষে ভৌগোলিক ঝুঁকির ওপর ভিত্তি করেই অর্থায়ন নির্ধারণ হওয়া উচিত। ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন চাহিদা ও প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি কপের মূল আলোচনায় স্থান পাওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক পর্যায় থেকে বাংলাদেশের দাবি আদায় এবং ভবিষ্যৎ অর্থায়নের টেকসই রোডম্যাপ তৈরিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ তুরস্ক সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়