Apan Desh | আপন দেশ

মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৪, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫৭, ৯ নভেম্বর ২০২৬

মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত শতাধিক

ছবি : সংগৃহীত

মিসরের রাজধানী কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় ১১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (০৮ নভেম্বর) গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেন কায়রো-থেকে-আসওয়ানগামী অপর একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রেনটি লাইনচ্যুত হয়ে আল-আইয়াত জেলার একটি গ্রামীণ সড়কে পড়ে যায়।

মিসরীয় রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে এবং ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করতে দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধার ও স্থানান্তরের কাজে ৭০টিরও বেশি অ্যাম্বুলেন্স অংশ নেয়। হতাহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কায়রো-আপার ইজিপ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে এ কার্যক্রম চালানো হচ্ছে। তবে কবে নাগাদ ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন<<>>ইরানের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স গড়ছে যুক্তরাষ্ট্র

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রাচীনতম রেলব্যবস্থাগুলোর একটি মিশরের রেলপথে অতীতেও বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ২০১৯ সালে কায়রোর প্রধান রেলস্টেশন রামসেস স্কয়ারে একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে আগুন ধরে যায়। এতে ২৫ জন নিহত হন।

এর আগে ২০১৭ সালে আলেকজান্দ্রিয়াগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অপর একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ওই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হন।

এদিকে, গিজার ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার নিজের সরকারি ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

মিশরের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারিগরি কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়