Apan Desh | আপন দেশ

পুরান ঢাকার কেমিক্যাল সরবে সিরাজদিখানে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৩৩, ৯ নভেম্বর ২০২৬

পুরান ঢাকার কেমিক্যাল সরবে সিরাজদিখানে: বাণিজ্যমন্ত্রী

ছবি: আপন দেশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গড়ে তোলা হচ্ছে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ইছামতী নদীর তীরে ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ শিল্প পার্কে মোট ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন  শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, প্রকল্পটির ৮৩ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে পুরো কাজ শেষ করার আশা করা হচ্ছে। পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (০৯ নভেম্বর) মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো স্থানান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

সভায় পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে। যেন সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা সৃষ্টি না হয় সে দিকে বিশেষ নজর দিতে হবে। 

আরও পড়ুন<<>>জালিয়াতির অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

মন্ত্রী আরও বলেন, এ উদ্যোগের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, এমপি এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটির ওপর মালিকানা প্রতিষ্ঠা করাই এ অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ইটিপি-সংক্রান্ত সমস্যার সমাধান না করে প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই যেন বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত থাকে, সে বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর সমাধান নির্ধারণের নির্দেশ দেন তিনি।

শিল্পমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সাভারের পূর্ববর্তী তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। সবার সহযোগিতায় এবারের স্থানান্তর প্রক্রিয়া হবে নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল। এর মাধ্যমে নতুন স্থানে কেমিক্যাল শিল্পের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এমপি খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান ও মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়