Apan Desh | আপন দেশ

সম্পর্ক স্বাভাবিক রাখতে সিরিয়া-জর্ডানের চুক্তি

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৪, ৯ নভেম্বর ২০২৬

সম্পর্ক স্বাভাবিক রাখতে সিরিয়া-জর্ডানের চুক্তি

ফাইল ছবি, আপন দেশ

দক্ষিণ সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়ন শুরু হয়। তবে দুই দেশই দ্রুত নিজেদের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে প্রথমবারের মতো বৈঠক বসে সিরিয়া ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা।

সোমবার (০৯ নভেম্বর) দামেস্কে এ বৈঠক হয়। বৈঠকে হামলার ঘটনা যৌথভাবে তদন্তের সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি ১১টি নতুন সহযোগিতা চুক্তি সই করে দুই দেশ। 

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি বলেন, দেরা প্রদেশে বিমান হামলার ঘটনা সমাধানে জর্ডান ইতিবাচক মনোভাব ও সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। হামলার পরিস্থিতি তদন্তে দুই দেশের সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা ও কারিগরি কমিটিও গঠন করা হয়েছে।

গত ২৬ অক্টোবর জর্ডান জানায়, দেশটির কারাক প্রদেশের একটি গির্জায় প্রাণঘাতী হামলার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের লক্ষ্য করে সিরিয়ায় বিমান হামলা চালানো হয়েছে। তবে সিরিয়া কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় তিন শিশুসহ সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সিরিয়া-জর্ডান উচ্চপর্যায়ের সমন্বয় পরিষদের তৃতীয় অধিবেশন শেষে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শিবানি বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দেয়া হবে। সেসঙ্গে নিরপরাধ নিহতদের পরিবারের ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে কাজ চলছে। 

আরও পড়ুন<<>>আমি ধর্মপ্রাণ মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

সাফাদি বলেন, সিরিয়ার মানুষের রক্ত আমাদের কাছে জর্ডানের মানুষের রক্তের মতোই মূল্যবান। তিনি শিবানি ও নিহতদের পরিবারের প্রতি আবারও সমবেদনা জানান। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক শক্তিশালী বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের মন্ত্রী ও কারিগরি প্রতিনিধিদল অংশ নেয়। গত মাসের বিমান হামলার ঘটনা দামেস্ক ও আম্মানের মধ্যে বিরল এক কূটনৈতিক টানাপড়েন তৈরি করেছিল। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে দেশ দুটি রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়িয়ে আসছে।

শিবানি বলেন, কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ক এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। বৈঠকে বিনিয়োগ, বেসামরিক বিমান চলাচল, খাদ্যনিরাপত্তা, ইয়ারমুক নদী অববাহিকায় কৃত্রিম বৃষ্টিপাত এবং সৌদি আরব থেকে জর্ডান ও সিরিয়া হয়ে তুরস্ক পর্যন্ত সম্ভাব্য রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে ১১টি সহযোগিতা-সংক্রান্ত চুক্তিতে সই হয়েছে।

তিনি জানান, গত এক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় তিন গুণ বেড়ে ৩৩০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। সিরিয়ার ২২টি মন্ত্রণালয়ের মধ্যে ২০টি এখন জর্ডানের সঙ্গে সরাসরি সহযোগিতায় যুক্ত।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি বলেন, দুই দেশ তাদের অভিন্ন সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধে একসঙ্গে কাজ করছে। দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক পাচার দুই দেশের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়