ছবি: আপন দেশ
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিসমিল্লাহ্ হোটেলসহ চারটি খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার সান্তাহার পৌর এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের বিভিন্ন হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি-সংরক্ষণ, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়।
আরও পড়ুন<<>>মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এসব অনিয়মের দায়ে গ্রামীণ ফুডসকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ টাকা, স্টার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এসব খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারী প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পরিবেশন এবং হোটেলের পরিচ্ছন্নতা নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগে বিসমিল্লাহ হোটেলের খাবার খেয়ে পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা ইউএনও কাছে লিখিত অভিযোগ জমা দেন। সেইসূত্র ধরেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানা যায়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































