Apan Desh | আপন দেশ

ইতিহাস গড়ার ম্যাচ ড্র করলো জিম্বাবুয়ে-আফগান

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৬, ৯ নভেম্বর ২০২৬

ইতিহাস গড়ার ম্যাচ ড্র করলো জিম্বাবুয়ে-আফগান

ছবি : সংগৃহীত

টেস্ট ইতিহাসে প্রথমবার তিন ইনিংসে ৫০০ রান হয়েছে। তবে এ ঐতিহাসিক ম্যাচও দিন শেষে ড্র হয়েছে। তবে শেষ দিনে ব্যাট হাতে আলো ছড়ালেন ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধেভেরে।

আরভিন তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক, মাধেভেরে পেলেন টেস্টে প্রথম সেঞ্চুরির স্বাদ।

সোমবার (০৯ নভেম্বর) তাদের ব্যাটে ভর করে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান তোলে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে তিনটি ভিন্ন ইনিংসে ৫০০ বা তার বেশি রান উঠেছে।

শেষ সেশনে নিজের আগের সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ড ছাড়িয়ে যান আরভিন। ২০১৭ সালে গড়া সে রেকর্ড পেরিয়ে এগিয়ে যান প্রথম দ্বিশতকের পথে। ২০২৪ সালের পর টেস্টে প্রথম সেঞ্চুরিও পেলেন তিনি। মজার বিষয়, সে সেঞ্চুরিটিও এসেছিল একই প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে।

অন্যদিকে, জিম্বাবুয়ের রানের পাহাড়ে চাপা পড়ে পুরো দিনে মাত্র দুটি উইকেট নিতে পেরেছে আফগানিস্তান। দিনের শুরুতে অধিনায়ক ব্রায়ান বেনেটকে ফেরান তারা। পরে আউট হন আন্তুম নাকভি, যিনি তুলে নেন টেস্টে নিজের প্রথম অর্ধশতক।

নাকভি ও আরভিনের ১৪০ রানের জুটি প্রায় দুই সেশন আফগানিস্তানকে উইকেটের অপেক্ষায় রাখে। স্পিনারদের বিপক্ষে সুইপ শট খেলেছেন আরভিন। তবে একটি সুইপে টপ এজ হয়ে বল তার হেলমেটে আঘাত করলে কিছুক্ষণের জন্য চিকিৎসা নিতে হয় তাকে। এর আগে অবশ্য দুবার জীবনও পেয়েছেন এই ব্যাটার। একবার আগের দিন সন্ধ্যায়, আরেকবার জিম্বাবুয়ের লিড ৪০০ ছাড়ানোর পর। তখন দ্বিশতকের পথেই ছিলেন তিনি।

দিনের শেষ ভাগে আরভিনের সঙ্গী হন মাধেভেরে। তার ব্যাটেই ম্যাচের শেষ বিকেলে কিছুটা রোমাঞ্চ ফিরে আসে। আফগানিস্তানের বোলিং কোচ হামিদ হাসান উইকেটটিকে ‘খুবই, খুবই ফ্ল্যাট’ বলে বর্ণনা করেছিলেন।

আরও পড়ুন <<>> সিলেট টেস্ট ড্র করায় সিরিজি হারল বাংলাদেশ

এমন মন্থর উইকেটে ছোট লেংথের বল পেছনে সরে খেলেছেন মাধেভেরে। স্পিনারদের বিপক্ষে ক্রিজ ছেড়ে বেরিয়েও দারুণ সব শট খেলেছেন তিনি। দুই চার ও তিন ছক্কায় দ্রুত তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। মাইলফলক ছোঁয়ার পরপরই ম্যাচের ইতি টানেন দুই দলের খেলোয়াড়রা।

নিজের ও মাধেভেরের সেঞ্চুরিতে উচ্ছ্বসিত আরভিন পরে বলেন, তার অপরাজিত সঙ্গীর জন্য এটি ছিল ‘পিঠের বোঝা নেমে যাওয়ার’ মতো অনুভূতি। এ ম্যাচে মাধেভেরে ছিলেন সপ্তম সেঞ্চুরিয়ান। তার চার ওভার আগেই দ্বিশতক পূর্ণ করেছিলেন আরভিন। ততক্ষণে বোলারদের জন্য ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল।

দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তানের বোলারদের করতে হয়েছে ২৫৬ ওভারেরও বেশি। পঞ্চম দিনে তাদের প্রথম সাফল্য এনে দেন সলিম সাফি। বাড়তি গতিতে বেনেটকে বোল্ড করেন তিনি। তবে সে উইকেটের উদ্‌যাপনের মাঝেই বিপত্তি ঘটে। উড়ে যাওয়া বেলসের আঘাতে স্লিপে থাকা ফিল্ডার রাহমানউল্লাহ আহত হন। তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।

দ্বিতীয় উইকেটটি পান আবদুল মালিক। সুইপ করতে গিয়ে তার বলে ক্যাচ দেন নাকভি। উইকেট পাওয়ার পরও ফিল্ডারদের মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস দেখা যায়নি। প্রায় ৮০ ওভার ধরে একটানা বোলিং করার পর আফগানিস্তানের বোলিং কোচ হাসান জানান, নিষ্প্রাণ উইকেটে জোরে বল করতে গিয়ে পেসারদের কেউ চোটে পড়েন কি না, তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত কেউ চোটে পড়েননি।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ৫০৪ ও ৫ উইকেটে ৫২৩ (ক্রেইগ আরভিন ২০৬*, ওয়েসলি মাধেভেরে ১০০*; জিয়া-উর-রেহমান আকবর ২/১৭৩, সলিম সাফি ১/৬২); আফগানিস্তান ৫১৪। ম্যাচ ড্র।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়